'মানবসৃষ্ট দুর্যোগ বন্ধ হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করা সম্ভব'
কক্সবাজারে জলবায়ু-স্থিতিস্থাপক এবং শিশু/যুব-সমেত এনডিসি ৩.০-এর উপর যুব পরামর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু কিশোর কিশোরী ও যুবদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু দুর্যোগ মোকাবেলা একটি চ্যালেঞ্জিং কাজ। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগগুলো মোকাবেলায় কষ্টসাধ্য হলেও মানবসৃষ্ট দুর্যোগগুলো বন্ধ হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকটা রোধ করা সম্ভব।
ইউনিসেফ বিশ্বাস করে, জলবায়ু সংকট একটি শিশু ও কিশোরদের অধিকারের সংকট, জীবন-জীবিকার সংকট। তাই তারা একটি শিশু ও যুব-সমবেদনশীল (child and youth sensitive) এনডিসি ৩.০ তৈরির পক্ষে জোরালো, আহ্বান জানাচ্ছে। এই লক্ষ্যেই, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রান্তিক ও দুর্বল সম্প্রদায়ের শিশু ও তরুণদের মতামত ও অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এই পরামর্শ সভার আয়োজন করা হয়।
বিশ্বব্যাপী দেখা গেছে, বাংলাদেশের শিশুরাই জলবায়ু ও পরিবেশগত বিপর্যয়ের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তারা এমন এক সংকটের শিকার, যার জন্য তারা দায়ী নয়। বাংলাদেশের আসন্ন এনডিসি ৩.০ শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার ও প্রয়োজনের সঙ্গে জাতীয় জলবায়ু কার্যক্রমের সামঞ্জস্যতা তৈরী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে বলে ইউনিসেফ মনে করে।
ইউনিসেফ কক্সবাজারের এসবিসি প্রতিনিধি আতাউল গণি ওসমানীর সঞ্চালনায় এবং জেলা তথ্য অফিসার মো: আবদুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল লতিফ জনী, ইউনিসেফের জলবায়ু বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা স্পিনেডি এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মকর্তা তানিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার যুব ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি, বন সুরক্ষা ও বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও সহায়তাপ্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে যুব ও কিশোর কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সভার শুরুতে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।