জামেয়াতুল ইমাম মুসলিম (রহ.) কক্সবাজারে যোগদান করলেন ড. মুসলিম বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ
হাদীস ও আরবি সাহিত্যে সুপ্রতিষ্ঠিত, আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত গবেষক ও আলিম, ড. মুসলিম বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ জামেয়াতুল ইমাম মুসলিম (রহ.) কক্সবাজারে যোগদান করেছেন।
গতকাল আগমন সময় পরবর্তী তাঁর সম্মানে জামেয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ সালাহুল ইসলাম হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
ড. মুসলিম বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় (আল জামিয়া আল ইসলামিয়া, মদিনা মুনাওয়ারা) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে সেখানেই পাঁচ বছর সম্মানের সাথে শিক্ষকতা করেন। শিক্ষার্থীদের হৃদয়ে তিনি ছড়িয়ে দেন জ্ঞানের আলোকরশ্মি এবং অর্জন করেন শিক্ষকমণ্ডলীর সর্বোচ্চ সন্তুষ্টি ও সম্মাননা। তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। থিসিসে প্রথম স্থান লাভ করে মদিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ সম্মাননা পান। একজন সুদক্ষ আরবি সাহিত্যিক হিসেবেও তাঁর খ্যাতি প্রাজ্ঞ মহলে প্রসিদ্ধ।
বিজয়বাংলা নিউজকে হাফেজ ছালাহুল ইসলাম বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের প্রিয় জামিয়ার প্রাঙ্গণে পদার্পণ করেছেন এক মহান মনীষী — হাদীস ও আরবি সাহিত্যে সুপ্রতিষ্ঠিত, আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত গবেষক।
তিনি বলেন, এই জামিয়া কওমী অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা একসাথে চেষ্টা করব, যেন এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি। আধুনিক প্রযুক্তি ও শিক্ষার উৎকর্ষের এই যুগে, জামেয়ার জন্য আরেকটি গৌরবের বার্তা। এ বছর অত্র জামিয়া থেকে মেধাবী ছাত্রদের মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স কোর্সে সরাসরি ভর্তি নিশ্চিত করতে মু'আদালাহ (সনদ সমঝোতা চুক্তি) সম্পন্ন হয়েছে।
জামেয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ সালাহুল ইসলাম হাফিজাহুল্লাহ জানান, লক্ষ্য একটাই —আন্তর্জাতিক মানের আলিম ও আরবি ভাষায় দক্ষ ইসলামী ব্যক্তিত্ব গড়ে তোলা। এই লক্ষ্য পূরণে এখন জামিয়ায় নিয়মিত পাঠদান করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সম্মানিত প্রফেসর ড. জায়েদ বিন মুহাম্মদ আল-জুহানি হাফিজাহুল্লাহ। তিনি গত দুই মাস ধরে ছাত্রদেরকে বাস্তবভিত্তিক আরবি ভাষা ও নৈতিক শিক্ষার মিশেলে প্রস্তুত করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের উপযোগী করে। আল্লাহ তাআলা যেন ড. মুসলিম বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহকে আমাদের জন্য রহমত ও হিদায়াতের বাতিঘর করে দেন। তাঁর জ্ঞানের আলোয় যেন আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়, তার সান্নিধ্যে যেন জামেয়ার শিক্ষার মান আরও উন্নত হয়।