কক্সবাজার বিএসটিআই এর অভিযান
বিএসটিআই, কক্সবাজার সার্ভিল্যান্স (নজরদারি) কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার সার্ভিল্যান্স অভিযানে (পণ্যের গুণগত মান যাচাই এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮) এর উক্ত কার্যক্রম পরিচালিত হয়৷
পরিচালিত কার্যক্রমে রামুর গর্জনিয়া বাজারের রিয়া জুয়েলার্স, ইন্দারা জুয়েলার্স, আল আমিন অটো রাইচ মিল ও আল মোনাফ ট্রেডার্সসহ প্রভৃতি প্রতিষ্ঠানে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া কচ্ছপিয়া রূপনগরের মেসার্স নওরীন গ্যাস বিতান ও গর্জনিয়া তুলাতুলীর মেসার্স এন জামান ট্রেডার্স প্রভৃতি প্রতিষ্ঠানে ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদবিহীন ব্যবসা করায় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়।
অপরদিকে চাল বাজার রোডের জেনারেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী ও প্যারামাউন্ট বেকারীসহ প্রভৃতি প্রতিষ্ঠানে উৎপাদিত বেকারি পণ্য বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই হতে সিএম সনদ ও প্যাকেজিং সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে বিএসটিআই, কক্সবাজার অফিস জানিয়েছে, জনস্বার্থে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। সার্ভিল্যান্স অভিযানের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহীদুল ইসলাম ও পরিদর্শক (মেট) রঞ্জিত কুমার মল্লিক।