নিহত ও আহতদের জন্য রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল ও শোকসভা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এক হৃদয়বিদারক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাংবাদিক সমাজ এই শোককে জাতিগত ক্ষতি হিসেবে বিবেচনা করে একাত্মতা প্রকাশ করেছে। ২৩ জুলাই, বুধবার বাদ মাগরিব রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রাণ হারানো সকল শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ বিমান বাহিনীর সাহসী পাইলটসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে রাজশাহীতে কর্মরত সাংবাদিক, প্রবীন মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একজন ফ্লাইট লেফটেন্যান্টের মতো দক্ষ পাইলট, শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের অকাল মৃত্যু আমাদের চোখে জল এনে দিয়েছে। রাজশাহী প্রেসক্লাব এ শোককে ব্যক্তি নয়, রাষ্ট্রীয় শোক হিসেবে বিবেচনা করছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাঁদের ধৈর্য ও সহনশীলতা দান করেন।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন শোক প্রস্তাব পাঠ করেন। তিনি বলেন, “মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মত্যাগ ছিল অনন্য। বিশেষ করে বিদ্যালয়ের দুই নারী শিক্ষিকার বীরত্বপূর্ণ ভূমিকা আজও কাঁদায়। তারা নিজেদের জীবন দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে বাঁচিয়েছেন। আমি জোরালোভাবে দাবি জানাই—এই দুই শিক্ষিকাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। তাঁদের এই আত্মোৎসর্গ যেন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব অলিউর রহমান বাবু, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলন,সমাজসেবক মাসুদ রানা সরকার, হাসানুজ্জামান জামানি, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন, পাঠাগার সম্পাদক সুরজ আলী এবং ক্লাবের সদস্য মো. শামসুল ইসলাম, রেজাউল করিম, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান জীবন, মো. লাইক, সিরাজুল ইসলাম রনি,ইকবাল হোসেন,আমজাদসহ অন্যান্য সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবৃন্দরা।
দোয়া মাহফিলের শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। এরপর এম আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য হাসানী’র পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
এই সময় রাজশাহীতে কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।