জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গঠনে শপথ গ্রহণ রাজশাহীতে

Taking an oath to build a new society in the July revival
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুলাই ২০২৫ ০৩:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুলাই ২০২৫ ০৩:০১ অপরাহ্ন
জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গঠনে শপথ গ্রহণ রাজশাহীতে
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন।ছবি - কাবিল হোসেন

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন। এ আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের শতাধিক নারী-পুরুষ নতুন করে সমাজ গড়ার প্রত্যয়ে একাত্ম হয়ে শপথ গ্রহণ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহীতে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই পুনর্জাগরণের তাৎপর্য এবং সমাজ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন এবং একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য। ‘জুলাই পুনর্জাগরণ’ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি আদর্শ যা আমাদের নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই পুনর্জাগরণের শপথের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী ও তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সামাজিক অবক্ষয় রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিলনায়তনে উপস্থিত সকলকে একসাথে শপথ পাঠ করানো হয়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।