চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

Bus service started
নিজস্ব প্রতিবেদক: ২৯ জুলাই ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৯ জুলাই ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু
................সংগৃহীত ছবি

বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে প্রায় ৭০ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বাস চলাচল শুরু হয়। দুই জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর এ বাস চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে সাধারন যাত্রীদের মাঝে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

পিন্টু নামের এক বাসের সুপারভাইজার বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে। আজ (মঙ্গলবার) সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাসগুলো চলাচল করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আজকে রাজশাহীতে দুই জেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং একটি সুষ্ঠু সমাধান হয়েছে। আজকে থেকেই বাস চলাচল শুরু হয়েছে। এ ছাড়া আগামীকাল থেকে সিডিউল অনুযায়ী বাস চলাচল শুরু হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে সেদিন শনিবার বিকেল ৫টা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।