নিষিদ্ধ পলিথিন রোধে কক্সবাজারে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
কক্সবাজার শহরের বড়বাজার ও বাজারঘাটা এলাকায় নিষিদ্ধ পলিথিন এর উৎপাদন, পরিবহন ও বিপনন রোধকল্পে যৌথভাবে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, পলিথিন এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ। তা সত্বেও সাম্প্রতিক সময়ে পলিথিনের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পলিথিনের ব্যবহার জনজীবনে সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপর্যয় ডেকে আনছে।
গতকাল এরই ধারাবাহিকতায় র্যাব ফোর্সেস মহাপরিচালক এর নির্দেশনাক্রমে ও অধিনায়ক র্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১৫, কক্সবাজার যৌথভাবে পলিথিনের ব্যবহার রোধকল্পে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছে।
র্যাব-১৫ এর অধিনায়কের পক্ষে উক্ত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম।
উল্লেখ্য যে, উক্ত লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে সকল ব্যবসায়ী, দোকান মালিক ও জনসাধারণকে পলিথিন ব্যাগ বহন এবং ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়। মাত্র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার না করে, ক্রেতাদের নিজস্ব ব্যাগ সাথে এনে অথবা পরিবেশবান্ধব ও একাধিকবার ব্যবহারযোগ্য ব্যাগ কিনে বাজার করার অনুরোধ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও যে কোন ধরণের জনসচেতনতামূলক কাজে র্যাবের অংশগ্রহণ অব্যাহত থাকবে জানান।