রাজশাহীর পদ্মার চরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে এক বাতান বাড়িতে বজ্রপাতে ১১ টি মহিষের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগষ্ট) ভোর রাতে চৌমাদিয়ার বাংলা বাজার চরের বাতান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন মহিষ মালিক নবি শেখ।
জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের রকমত আলী শেখের ছেলে নবি আলী শেখ চৌমাদিয়ার বাংলাবাজার চরের বাথান বাড়িতে ১১ টি মহিষ রাখা ছিল।
২ আগস্ট শনিবার সারা রাত বৃষ্টি হয়।শেষ রাতের দিকে আনুমানিক সাড়ে তিনটার সময় বজ্রপাতে ১১ টি মহিষের মৃত্যু হয়। নবি আলী শেখ পদ্মার ভাঙনে কিছুদিন আগে চৌমাদিয়ার বাংলাবাজার চরে বাতান বাড়ি তৈরী করেন। এই বাতান বাড়িতে রাখা ছিল তার শেষ সম্বল ও প্রানের চেয়ে প্রিয় গবাদি পশু ১১ টি মহিষ। যার আনুমানিক মুল্য মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়া চরের ইউপি সদস্য আবদুর রহমান বলেন, নবি আলী শেখ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছুদিন আগে তার বাড়ি পদ্মাগর্ভে বিলিন হয়ে গেলে বাংলা বাজার এলাকায় মহিষ রাখার জন্য বাতান বাড়ি (খামার) তৈরী করে। সেখানে তিনি সারাদিন মাঠে মহিষ চরাইয়ে রাতে বাতান বাড়িতে রাখেন। হঠাৎ রবিবার ভোর রাতে বজ্রপাতে তার ১৩টি মহিষ এর মধ্যে ১১ টি মারা যায়।