রুয়া অরাজনৈতিকভাবেই চলবে: সভাপতি
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম. রফিকুল ইসলাম খান বলেছেন, “রুয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিকভাবেই এর কার্যক্রম পরিচালিত হবে। আমরা নিরপেক্ষভাবে সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ, আমরা তা শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হবো।”
রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “রুয়া এ পর্যন্ত কী কী কার্যক্রম পরিচালনা করেছে, সে সংক্রান্ত যাবতীয় হিসাব স্বল্প সময়ের মধ্যে নতুন কমিটির কাছে হস্তান্তরের জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে আমরা চাচ্ছি রাবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি উৎসবমুখর পূনর্মিলনী আয়োজন করতে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “রুয়ার যাত্রা সহজ ছিল না। এটি বাস্তবায়ন করেছেন মেরুদণ্ড শক্ত, নীতিবান কিছু মানুষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাঁদের নৈতিকতার কোনো ঘাটতি ছিল না।”
উপাচার্য বলেন, “আমরা কাউকে বাদ দিইনি, কাউকে দাওয়াতও দিইনি। কোনো প্রকার আপস ছাড়াই আমরা সততার জায়গা থেকে নির্বাচনটি পরিচালনা করেছি। এখন সময় এসেছে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার। বিভাজন নয়, ঐক্যই হবে রুয়ার মূল আদর্শ।”
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে রুয়ার নিজস্ব অফিসের ব্যবস্থা করা হবে এবং আগের হিসাব-নিকাশ নতুন কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে। একইসঙ্গে রুয়ার কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
রুয়া’র অ্যাডহক কমিটির সদস্য অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. একরামুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রহীম সাগর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমীরুল ইসলাম কনকসহ রুয়ার অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।