কক্সবাজারে ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

481 kg of banned polythene bags seized
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ আগস্ট ২০২৫ ০৮:২২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ আগস্ট ২০২৫ ০৮:২২ অপরাহ্ন
কক্সবাজারে ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ
কক্সবাজারে ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন এর উৎপাদন, পরিবহন ও বিপনন রোধকল্পে মোবাইল কোর্ট, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৫ ও জেলা পরিবেশ অধিদপ্তর।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, গতকাল সকালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ উদ্যোগে বড় বাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

র‌্যাব মহাপরিচালকের নির্দেশক্রমে ও অধিনায়ক র‌্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন র‌্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র‌্যাব ফোর্সেস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। জেলা পরিবেশ অধিদপ্তর এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে স্থানীয় বড় বাজার এলাকার বেশ কিছু দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের গোডাউনে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী  মোট ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য।

এছাড়াও শহরের লিংক রোড, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে র‌্যাবের আভিযানিক ও টহল টিমের সমন্বয়ে নিষিদ্ধ পলিথিন বিরোধী চেক পোস্ট পরিচালনা করে পলিথিন ব্যবহারের শাস্তি ও আইন সর্ম্পকে সকল পরিবহন চালক, শ্র্রমিক ও জনগণকে সচেতন করা হয়।

অভিযান শেষে মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, আমরা গত সপ্তাহে জনগণ ও ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করি যার মাধ্যমে তাদেরকে পলিথিন ব্যাগের কুফল, পরিবেশ ও স্বাস্থ্যগত হুমকির দিকগুলি তুলে ধরি। যার মাধ্যমে আমরা সরেজমিনে দেখতে পাই যে এর ব্যবহার অনেকটাই কমে এসেছে। আমরা ব্যবসায়ীদের মাঝে এর সচতনতামূলক পরিবর্তন আনতে পেরেছি। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন অংশগ্রহণ করে র‌্যাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।