রাজশাহীতে হাফিজ উদ্দিন

নির্বাচনের ঘোষণায় কিছু উপদেষ্টার মন খুবই খারাপ

Hafiz Uddin
নিজস্ব প্রতিবেদক: ০৬ আগস্ট ২০২৫ ১০:০২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৬ আগস্ট ২০২৫ ১০:০২ অপরাহ্ন
নির্বাচনের ঘোষণায় কিছু উপদেষ্টার মন খুবই খারাপ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন।ছবি - কাবিল হোসেন

নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। একইসঙ্গে দু’একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলেন- তাদের মনও খুবই খারাপ বলে মন্তব্য করেছেন তিনি। 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের আলুপট্টি মোড়ে এই সমাবেশ হয়।

নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের, তাদের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায়। কিছুদিন আগে প্রফেসর মুহাম্মদ ইউনূস, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তাঁর কথা রেখেছেন।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হই নাই, বিএনপি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। কিন্তু দেখা যাচ্ছে দু’একটি জনসমর্থন নাই, এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। জনগণ তাদের ভোট দেবে না। সেইজন্য তাদের মন খুবই খারাপ- নির্বাচন না হলেই ভাল ছিল।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘তারা এই এক বছরে স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল, এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে।’

সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।