রাজশাহীর প্রাণকেন্দ্র মণিচত্ত্বরে হিন্দু পরিবারের দোকান দখল, মারপিট ও হুমকির বিচার দাবি

Demand justice for shop grabbing, assault and threats
নিজস্ব প্রতিবেদক: ২০ আগস্ট ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২০ আগস্ট ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন
রাজশাহীর প্রাণকেন্দ্র মণিচত্ত্বরে হিন্দু পরিবারের দোকান দখল, মারপিট ও হুমকির বিচার দাবি
রাজশাহীর প্রাণকেন্দ্র মণিচত্ত্বরে হিন্দু পরিবারের দোকান দখল, মারপিট ও হুমকির বিচার দাবি

রাজশাহীর প্রাণকেন্দ্র মনিচত্বরে হিন্দু পরিবারের পৈতৃক সূত্রেপ্রাপ্ত দোকান ঘর দখল, শারীরীক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রীমন্ত কুমার সাহা ও গৌরী সাহা দম্পতি এই অভিযোগ করেন। তারা দোকান দখলমুক্ত এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতনের বিচারের দাবি জানান। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ অজ্ঞাত কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। ফলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের হত্যার হুমকি দিচ্ছে। তবে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমি থানায় সদ্য যোগদান করেছি। বিষয়টি জানার পর দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।  

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘নগরীর লক্ষীপুর ভাটাপাড়ার নিজাম উদ্দিন আপেল, বিদ্যুত, জনি, রমজান, তম্ময় দেবনাথ ও সানু প্রমুখ চিহ্নিত সন্ত্রাসীরা সম্প্রতি পৈতৃক সূত্রেপ্রাপ্ত তার দোকান ঘরটি জবর দখল করে। প্রতিবাদ করায় দখলবাজ সন্ত্রাসীরা শ্রীমন্ত ও গৌরী দম্পতিকে শারীরীক ও মানসিক নির্যাতন চালায় এবং হত্যার হুমকি প্রদান করে। সংবাদ সম্মেলনে শ্রীমন্ত ও গৌরী দম্পতি বলেন, তারা দোকানটি ব্যবসার জন্য মোয়াজ্জেমকে ভাড়া দেন। কয়েক বছর আগে মোয়াজ্জেম মারা যান। এরপর তার ছেলে নিজাম উদ্দিন আপেল, তাকে (শ্রীমন্ত) না জানিয়ে দোকানটি জনৈক বিদ্যুতকে ভাড়া দেন। তবে আপেল, তাকে দোকানের মাসিক ভাড়া নিয়মিত পরিশোধ করেন। কিন্তু তিনি বিভিন্নভাবে ছলচাতুরী ও অসৈজন্যমূলক আচরণ করেন। এছাড়া সংলগ্ন কালীমন্দিরে যাওয়ার পথে শ্রীমন্তসহ পরিবারের সদস্যদের নানাভাবে বাধা প্রদান করে। এমতাবস্থায় ভাড়াটিয়া বিদ্যুতকে দোকান ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু মোয়াজ্জেমের ছেলে নিজাম উদ্দিন আপেল ও সহযোগীরা শ্রীমন্ত ও তার পরিবারের সদস্যদের উপর মানসিক নির্যাতন শুরু করেন। এরপর দোকানের মাসিক ভাড়া প্রদানও বন্ধ করে দেন। এ ঘটনায় শ্রীমন্ত আদালতে উচ্ছেদ মামলা করেন। ০২-০৯-২০২৪ তারিখে আদালত শ্রীমন্তর পক্ষে রায় দেন। ২১ দিন পর দোকানের দখল পেতে আবেদন করলে ১৭-০২-২০২৫ তারিখে আদালত অবৈধ দখলদার উচ্ছেদ করে দোকান তাকে (শ্রীমন্ত) বুজিয়ে দেন। এরপর থেকে শ্রীমন্ত ও তার স্ত্রী গৌরী দোকানে কাঁচামালের পাইকারী ব্যবসা শুরু করেন।

তারা আরও বলেন, গত ১৩-০৮-২০২৫ তারিখ শ্রীমন্ত ব্যক্তিগত কাজে বাইরে গেলে অপর ভাড়াটিয়া অনিল মোবাইল ফোনে জানায়, নিজাম উদ্দিন আপেল, রমজান, তম্ময় দেবনাথ ও সানুসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তার দোকানের তালা ভেঙে দখলে নিয়েছে। এ খবর পেয়ে তিনি দোকানে এসে দেখেন, তার স্ত্রী গৌরীকে আপেল মারধোর করছে। তার সহযোগীরা দোকানের তালা ভাঙছে। বাধা দিলে তারা শ্রীমন্তকে স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। মারধোরে তার স্ত্রী গৌরী আহত হন। একপর্যায়ে শ্রীমন্ত ও গৌরীকে তারা টেনে হিঁচড়ে ও অটোতে করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। পরে ডিউটি অফিসারের অনুমতি নিয়ে তারা বাসায় চলে যান। ঐদিন রাতে থানায় গিয়ে অফিসার ইনচার্জকে শ্রীমন্ত্র ও গৌরী বিস্তারিত ঘটনা জানান। ওসি তাদের থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু একসপ্তাহ অতিবাহিত হলে থানা পুলিশের কোনো আইনি সহয়তা তিনি পাননি।

অন্যদিকে দোকানে সন্ত্রাসীরা তালা মেরে রাখায় তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। উপরন্তু সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়ায় তারা (শ্রীমন্ত ও গৌরী) নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে মতামতের জন্য নিজাম উদ্দিন আপেলর মোবাইলে ফোন করলে, ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,আমি থানায় সদ্য যোগদান করেছি। বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।