অঙ্কুরিত মুগ-ছোলা খেলে কী হয় ,জেনে নিন
শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তেমনই একটি দুর্দান্ত খাবার হলো অঙ্কুরিত মুগ। বিশেষজ্ঞরা খালি পেটে অঙ্কুরিত মুগ খাওয়ার পরামর্শ দেন। অঙ্কুরিত মুগ খালি পেটে খেলে স্বাস্থ্যসংক্রান্ত অনেক সমস্যা দূর হয়।
প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট, কপার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এর মতো উপাদান অঙ্কুরিত মুগে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
অনেকেরই ঘুম থেকে উঠে খালি পেটে পানি আর অঙ্কুরিত ছোলা বা মুগ খাওয়ার অভ্যাস রয়েছে। ভালো-মন্দ না জেনেই দীর্ঘ দিন ধরে এতে অভ্যস্ত অনেকে। ভিটামিন, খনিজ আর প্রোটিনে ভরপুর অঙ্কুরিত দানাশস্যের সবচেয়ে বড় গুণ হলো, এই ধরনের খাবার আমাদের হজমশক্তি বাড়ায়, বিপাকক্রিয়ার উন্নতি ঘটায়, উৎসেচকের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
এ ছাড়া রক্তাল্পতা দূর করে, রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমায়, রক্তচাপও নিয়ন্ত্রণ করে। শুধু তা-ই নয়, দীর্ঘদিন ধরে অঙ্কুরিত দানাশস্য খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ওজন কমানোর ডায়েটেও এই খাবার রাখা যেতে পারে।
অঙ্কুরিত মুগে ফ্যাটের পরিমাণ খুবই কম, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
খালি পেটে অঙ্কুরিত মুগ খেলে শরীরের কী কী উপকার পাওয়া যায় তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত অঙ্কুরিত মুগ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি অ্যান্টি-অক্সিডেন্টের একটি ভালো উৎস। খালি পেটে অঙ্কুরিত মুগ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি প্রতিদিন এক মুঠো করে খেলে ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হওয়া থেকে নিরাপদ থাকতে পারেন।
ওজন কমায়
শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে মুগ খাওয়া শুরু করুন। খালি পেটে অঙ্কুরিত মুগ খেলে ওজন তাড়াতাড়ি কমে। অঙ্কুরিত মুগ প্রোটিন ও ফাইবারের একটি ভালো উৎস এবং এতে কম পরিমাণে ফ্যাট থাকে, যা ওজন কমাতে সহায়ক বলে প্রমাণিত।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
খালি পেটে অঙ্কুরিত মুগ খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য খুবই কার্যকরী। অঙ্কুরিত মুগে অ্যান্টি-ডায়াবেটিক প্রভাব পাওয়া যায়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষজ্ঞরা এর জন্য প্রতিদিন এক মুঠো অঙ্কুরিত মুগ খাওয়ার পরামর্শ দেন।
রক্তাল্পতা দূর করে
শরীরে রক্তের অভাব অনেক সমস্যা বাড়িয়ে দিতে পারে। অঙ্কুরিত মুগে রয়েছে আয়রন, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন এক মুঠো অঙ্কুরিত মুগ খেলে রক্তাল্পতা দূর হয়।
পেশি মজবুত করে
শরীরকে শক্তিশালী করতেও মুগ ডাল খাওয়া যেতে পারে। অঙ্কুরিত মুগ খাওয়া মাংসপেশির জন্য ভালো। মুগ ডালে প্রোটিন ভালো পরিমাণে পাওয়া যায়, যা পেশি শক্তিশালী করতে কাজ করে। এ ছাড়া প্রতিদিন অঙ্কুরিত মুগ খেলে শরীরে প্রোটিনের ঘাটতি হয় না।
চোখ সুস্থ রাখুন
নিয়মিত খালি পেটে অঙ্কুরিত মুগ খাওয়া চোখের জন্য উপকারী। অঙ্কুরিত মুগে ভিটামিন এ পাওয়া যায়, যা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে। এর পাশাপাশি চোখের সমস্যাও চলে যায়।
সূত্র : নিউজ ১৮