অ-১৫ বালকদের বিরুদ্ধে এবার ৪৯ রানে অলআউট জ্যোতির

ODI World Cup
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৫ ১২:১৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
অ-১৫ বালকদের বিরুদ্ধে এবার ৪৯ রানে অলআউট জ্যোতির
........সংগৃহীত ছবি

ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে আজ ছেলেদের অ-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে অল্পেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অ-১৫ ছেলেদের বিপক্ষে ২০.৪ ওভারে ৪৯ রানেই অলআউট হয়েছে নারী লাল দল। নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা।

আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। ২২ বলে ১৮ রান করে অমিত কুমারের বলে শারমিন বোল্ড হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন লাল দলের ব্যাটাররা।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে চার উইকেটে ৩ রানে পরিণত হয়েছিলেন জ্যোতিরা।

অ-১৫ দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল।