বাংলাদেশের বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন রুমানা

Bangladesh Cricket Board
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন রুমানা
.......সংগৃহীত ছবি

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও।

উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি। তবে দল ঘোষণার পর তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন বিস্ফোরক পোস্ট।

রুমানা সেখানে লেখেন, 'ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এর সকল নারী খেলোয়াড়কে অভিনন্দন। ওয়ার্ল্ড কাপে সকলের জন্য থাকবে দোয়া ও শুভকামনা। এবং অবশ্যই সবার ভালো পারফরম্যান্সের আশা করব। সেই সাথে আমাদের সিলেকশন প্যানেলকে অভিনন্দন। ওয়ার্ল্ডকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ল্ড কাপে খেলানোটা সত্যিই অসাধারণ।'

আরও যোগ করেন, 'অসাধারণ আপনাদের প্ল্যান। ওয়ার্ল্ড কাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন সেটা সত্যি বিরল হয়ে থাকবে। কিন্তু তাদের আরেকটু অভিজ্ঞ করে নেওয়া উচিত ছিল। তাদের কাছে এখনো অনেক সময় পড়ে আছে অভিজ্ঞতা অর্জন করার। কারণ ওয়ার্ল্ডকাপ লেভেলে সবাই অভিজ্ঞতাই খেলে। ওয়ার্ল্ড কাপ থেকে শিক্ষা নেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশা করি আপনারা এই ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।'