রামেবির গাছ লুটের শাস্তি চায় সবুজ সংহতি, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত জায়গা থেকে সহস্রাধিক গাছ লুটের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সবুজ সংহতি, রাজশাহী। পাশাপাশি তারা উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। রোববার ক্যাম্পাস পরিদর্শন শেষে তারা এ দাবি জানায়।
সকালে সবুজ সংহতি, রাজশাহী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা ক্যাম্পাস পরিদর্শন করেছেন। দলে ছিলেন সবুজ সংহতি, রাজশাহীর আহ্বায়ক ও নদী-পরিবেশ গবেষক মাহবুব সিদ্দীকী, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, নৃবিজ্ঞানী শহিদুল ইসলাম প্রমুখ।
পরিদর্শন শেষে তারা বলেছেন, ক্যাম্পাসের অবকাঠামো করতে হবে যতটা সম্ভব গাছ রক্ষা করে। সেই পরিকল্পনার আগেই কোনরকম দরপত্র এবং বনবিভাগের অনুমতি ছাড়াই গাছ লুট হয়ে যাওয়া দুঃখজনক। এটি পরিবেশ ধ্বংসের বড় অপরাধ। তারা এ অবস্থায় সাতটি দাবি জানিয়েছেন।
এগুলো হলো- এলাকা সিলগালা করে প্রমাণ সংরক্ষণ করতে হবে, উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি করতে হবে, যেখানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্থানীয় প্রশাসন, পরিবেশ আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন। দোষীদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনে শাস্তি এবং ক্ষতিপূরণ আদায় করতে হবে; অবৈধভাবে কাটা কাঠ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে; গাছ কাটা ক্ষতির বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন করতে হবে। একই সাথে গাছ রেখে বা পরিবেশের ক্ষতি না করে কিভাবে একটি পরিবেশবান্ধব অবকাঠামা নির্মাণ করা যায় সেই ধরনের বাস্তব পরিকল্পনা করতে হবে।
এছাড়া ভবিষ্যতের সব কাজ পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বনায়ন সংরক্ষণ, জীববৈচিত্র ও জলাধার রক্ষার শর্ত সাপেক্ষে করতে হবে; কাজের এলাকাজুড়ে সিসিটিভি, গার্ড লগবুক ও ডিজিটাল ট্র্যাকিং চালু করতে হবে; প্রকল্প সংশ্লিষ্ট যে কোনো গাছ অপসারণের সিদ্ধান্ত, টেন্ডার ও ওয়ার্ক-অর্ডার জনসমক্ষে ও পত্রপত্রিকায় প্রকাশ বাধ্যতামূলক করতে হবে এবং নাগরিক পর্যবেক্ষণ দল গঠন করে নিয়মিত যৌথ পরিদর্শন ও হটলাইনে অভিযোগ করার ব্যবস্থা রাখতে হবে।
উল্লেখ্য, রাজশাহী নগরের বাজেসিলিন্দা এলাকার আমবাগানে ঘেরা সবুজ ও নির্মল পরিবেশে গড়ে তোলা হচ্ছে রামেবির স্থায়ী ক্যাম্পাস। এতে ব্যয় হবে ২ হাজার ২৫৭ কোটি টাকা। জেলা প্রশাসন এই জায়গা অধিগ্রহণ করে। গতবছর জায়গা বুঝে পায় রামেবি।
এরপর প্রায় ১০ মাস ধরে এ ক্যাম্পাস থেকে একটি-দুটি করে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সম্প্রতি গাছ কাটার কাজে জোর আসে। ট্রলির পর ট্রলি বের হচ্ছিল কাটা গাছ নিয়ে। দরপত্র ছাড়াই এভাবে গাছ কাটার বিষয়টি জানাজানি হওয়ায় গত ১৩ আগস্ট ক্যাম্পাসে বালুভরাটের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয় রামেবি। ২১ আগস্ট প্রতিষ্ঠানটি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে জবাব দেয়।
অভিযোগ রয়েছে, রামেবির শীর্ষ কর্মকর্তাদের যোগসাজসে স্থানীয় একটি প্রভাবশালী চক্র গাছ লুট করেছে। তাই প্রথম থেকেই রামেবির শীর্ষ কর্মকর্তারা প্রচার চালান যে, বালু ভরাটের কাজ পাওয়া ঠিকাদারের লোকজনই গাছ কেটেছেন। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে বলেছে, যারা প্রকৃতই গাছ কেটেছে তাদের আড়াল করার জন্য তাদের ওপর দায় চাপানো হচ্ছে।
শনিবার রামেবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গণমাধ্যমে কাটা গাছের সংখ্যা ৭০০ কিংবা সহস্রাধিক বলা হলেও প্রকৃতপক্ষে সংখ্যা ১৮০টির মতো। পরদিন রোববার একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়।
ক্যাম্পাস স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর রোববার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির প্রধান রামেবির কোষাধ্যক্ষ ডা. জাকির হোসেন খন্দকার। এছাড়া সদস্য রয়েছেন কলেজ পরিদর্শক আবদুস সালাম, রেজিস্ট্রার ডা. হাসিবুল হোসেন, পরিকল্পনা দপ্তরের সেকশন অফিসার রেজাউল উদ্দিন ও রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মোরশেদ। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আগেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে পরে তদন্ত কমিটি গঠন হলে কমিটি প্রভাবিত হবে কি না, এমন প্রশ্নে উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, ‘আমরা যারা প্রাথমিক তদন্তটা করে কথাটা বলেছি, তারা তো কমিটিতে নেই। তাই তারা প্রভাবিত হবেন না।