মাদক ব্যবসায়ী মোশারফ গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে ১৮০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে পৌরসভার বড়আলমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশারফ একই গ্রামের মৃত মো. বজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মোশারফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত বছর তাকে গ্রেপ্তারের দাবিতে আশেপাশের চার গ্রামের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে সে গ্রাম থেকে পালিয়ে যায়। গত ৪-৫ মাস আগে সে আবার গ্রামে ফিরে এসে মাদক ব্যবসা শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘বুধবার রাতে মোশারফকে আটক করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’