জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) দুই মাসব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স
জামিয়াতুল ইমাম মুসলিম রহ: কক্সবাজার ক্যাম্পাসে দুই মাসব্যাপী (জুলাই-আগস্ট) আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ পরবর্তী প্রধান প্রশিক্ষক বিশ্ববিখ্যাত ইসলামি স্কলার মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক আরবি বিভাগের প্রধান প্রফেসর ও গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ ইবনে জুহানীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণার্ধীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
প্রধান প্রশিক্ষক বিশ্ববিখ্যাত ইসলামি স্কলার ড. যায়েদ বিন মুহাম্মদ ইবনে জুহানীর বিদায়ী সংবর্ধনা দিতে গিয়ে অনুষ্ঠানের সবাই আবেগাপ্লুত হয়ে যায়।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমাদের সবার জন্য বিশেষ দিন। আপনার বিদায় আমাদের হৃদয়ে একটি শূন্যতা তৈরি করেছে। আমরা আজ শুধুমাত্র একজন বিদেশি মেহমানকে বিদায় দিচ্ছি না, আমাদের চোখে দেখা একজন আল্লাহ ওয়ালা ও ৮০ বছরের একজন বয়োবৃদ্ধ যে দ্বীনের অকৃত্রিম দরদী, একজন মেধাবী, কর্মঠ এবং বিশ্ব বিখ্যাত ইসলামের স্কলারকে বিদায় জানাচ্ছি, যিনি আমাদের জীবনের সহীহ দ্বীন শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন।
বিদায়ী মেহমানকে উদ্দশ্য করে আরও বলেন, আপনার সোহবত থেকে আমরা সহীহ দ্বীন শিখেছি কিভাবে সহীহ এলেম হাসিল করতে হয় এবং কিভাবে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। আপনার নেক সোহবত, হাতে কলমে দেয়া শিক্ষা এবং দ্বীন শিক্ষার কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস ছিল। অনেক দুর থেকে এসে এই বয়োবৃদ্ধ শরীর নিয়ে দ্বীনি শিক্ষার কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং কর্মপরায়নতা আমাদের জীবনে একটি চিরস্থায়ী ছাপ রেখে যাবে।
আপনার অবদান কখনোই ভোলার নয়। আমাদের মাঝে থেকে আপনি আজ বিদায় নিলেও, আপনার মেধা এবং কঠোর পরিশ্রমের ছাপ আমাদের মধ্যে চিরদিন অটুট থাকবে।
গত দুই মাসব্যাপী জামিয়াতুল ইমাম মুসলিম রহ:-এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালায় প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অন্যান্যদের মধ্যে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গবেষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ। ড. যায়েদ বিন মুহাম্মদ ইবনে জুহানী এর নেতৃত্বে ৫ জন শিক্ষক বাংলাদেশে এসেছেন।
আরবি কথপোকথন, ইবারত পাঠ এবং ক্লাসে পাঠদান ও উপস্থাপনা কোর্সের মূল বিষয় ছিল। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর এবং বাদে মাগরিব পরে কোর্স পরিচালনা, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ সালাহুল ইসলাম হাফিজাহুল্লাহ। মূলত জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের আরবি ভাষাসহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগটি গ্রহণ করেছে।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা তাদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন। আরবি কিতাব খুব সুন্দর ও সাবলীলভাবে এবং আরবি ভঙ্গিমায় পড়তে পারা, জুমআর খুতবা সুন্দরভাবে উপস্থাপন করা, আধুনিক আরবির বিভিন্ন ব্যবহার জানা, আরবিতে অনুষ্ঠান উপস্থাপনা করা সহ নিজের কর্মক্ষেত্র বিস্তৃত ও সুগঠিত হতে এবং আরবি পাঠদান উপভোগ্য করতে এই কোর্স বড় অবদান রাখবে বলে তারা বিশ্বাস করেন।
জামিয়ার কর্মরত শিক্ষকেরা জানান, ছাত্রদের পাশাপাশি এই কোর্সে আমাদের সেই শূন্যতা পুরণ হয়েছে। আমরা সমষ্টিগতভাবে অনেক উপকৃত হয়েছি। আমরা অনেকদিন থেকেই আরবি চর্চা করি। তবে এই কোর্সের মাধ্যমে আমাদের যেই ত্রুটিগুলো ছিল তা শুধরাতে পেরেছি। তাছাড়া নতুন অনেক বর্ণনাভঙী, আরবি পড়ার সঠিক পদ্ধতি, আরবিয় রীতিতে পাঠদান দেওয়ার বিষয়গুলো শিখতে পেরেছি। সেই সঙ্গে আরবির বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে ধারণা পেয়েছি।
তারা আরো বলেন, এই কোর্সে অধিক পরিমাণে অনুশীলনের কারণে আরবিটা অনেক সহজ মনে হচ্ছে। আমরা কোর্স থেকে অনেক আধুনিক আরবি ব্যবহার শিখতে পেরেছি। আরবি কবিতাযে এতো চমৎকার তা নতুনভাবে উপলব্ধি করছি।
জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) সহকারী পরিচালক সাউদ বিন সালাহুল ইসলাম জানিয়েছেন, আরবি ভাষা ও সাহিত্য প্রচার প্রসারে বহুমূখী উদ্যোগ নিচ্ছে জামিয়া কর্তৃপক্ষ। সকলের দোয়া ও সহযোগিতায় অত্র জামিয়া আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এই কর্মশালা জামিয়ার কর্মরত ও শিক্ষারত শিক্ষক-শিক্ষার্থীদের আরবি ভাষা দক্ষতার ওপর সৃজনশীলতা ও আধ্যাত্মিক চিন্তাধারাকে সমৃদ্ধ করেছে। ইসলামি সংস্কৃতির প্রত্যাশা বাড়িয়েছে।
জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) প্রতিষ্ঠাতা পরিচালক সায়েখ সালাহুল জানিয়েছেন, বিশ্ববিখ্যাত ইসলামি স্কলার-দাঈদের সহিহ ঈমান-আকিদা ভিত্তিক কর্মশালার অংশগ্রহণকারীরা আরবি ভাষা ও সংস্কৃতির গভীরতা উপলব্ধি করতে পেরেছে এবং ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করেছে। অত্র জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আরবি ও ইসলামী সাংস্কৃতিক কর্মশালা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় জ্ঞান বিকাশে সহায়তা করবে।
উল্লেখ্য, জামিয়াতুল ইমাম মুসলিম রহ: কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে। গত বছর ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপক্ষীয় সনদের সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্ন হয়, যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য।