চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা শুরু

5-day book fair begins
নিজস্ব প্রতিবেদক: ২৯ আগস্ট ২০২৫ ০৬:৩২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৯ আগস্ট ২০২৫ ০৬:৩২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা শুরু
চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা শুরু

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। 

বিকেল সাড়ে চারটায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সাংবাদিক আবুল হায়াত, ভ্রাম্যমাণ বইমেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  দেবজ্যোতি মন্ডলসহ বিভিন্ন  স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ। 


দেবজ্যোতি মন্ডল জানান, মেলা প্রতিদিন দুপুর ২টা  থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ।

মেলা ঘুরে দেখা যায়, মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি নানা প্রকাশনার প্রকাশিত কয়েক হাজার বই রয়েছে। বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ,  বিজ্ঞান, সায়েন্স ফিকশন, স্বাস্থ্য, রান্নাসহ নানা বই। 


প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আলী উজ্জামান নূর বলেন, এ সময়ের তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ কমে গেছে। তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমাদের সকলের দায়িত্ব আমাদের এই প্রজন্মের তরুণদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদের বইমেলায় নিয়ে আসতে হবে বা আসতে উৎসাহিত করতে হবে। 

কবি ও লেখক আনিফ রুবেদ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমানে বই পাঠকের সংখ্যা অনেক কমে গেছে। সেক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্র এ ধরণের বইমেলার আয়োজন করেছে।  এটি আশা জাগানিয়া ব্যাপার। এর মাধ্যমে বই পাঠকদের কাছে চলে এসেছে। মেলায় এসে পাঠক ঘুরে ঘুরে দেখে বই কিনবেন। বইয়ের সাথে পরিচিতি বাড়বে। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত বইগুলোর দামও তুলনামূলক কম।