আনসার সদস্য এনাম একাই প্রতিহত করলেন ৮ ডাকাত
সিপিজি সিবিএল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ক্যাম্পে দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এক গুরুতর নিরাপত্তা ঝুঁকি সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে সফলভাবে মোকাবিলা করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ৩০ আগস্ট ভোর ৪:৪০ মি: আনুমানিক ৮ জন ডাকাত সরকারি মালামাল ডাকাতির উদ্দেশ্যে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করে। এ সময় মূল ফটকে দায়িত্বে থাকা আইডি নং ৪৫২৬৪, আনসার সদস্য মোঃ এনামুল হক দ্রুত পরিস্থিতি অনুধাবন করে ডাকাত দলকে বাধা প্রদানে কার্যকর পদক্ষেপ নেন।
ডাকাত দল দেশীয় অস্ত্র ও ছুরি/চাকু নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলে আনসার সদস্য এনাম জীবনের ঝুঁকি উপেক্ষা করে অনন্য সাহসিকতা প্রদর্শন করেন। তিনি ডাকাত প্রতিরোধে ২ রাউন্ড শিশা ও ৩ রাউন্ড রাবার বুলেট ফায়ার করেন।
ফলস্বরূপ, সংখ্যায় অধিক ও অস্ত্রে সজ্জিত থাকা সত্ত্বেও ডাকাত দল ভীত হয়ে পালিয়ে যায়। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি এবং সরকারি মালামাল ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত হয়।
এ ঘটনায় দায়িত্বশীলতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
বিজয় বাংলা নিউজকে জেলা কমান্ড্যান্ট মো: আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পে কর্মরত প্লাটুন কমান্ডারকে বিষয়টি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ প্রদান করা হয়েছে।