রুয়েটে ডিপ্লোমা সন্ত্রাসবাদের এবং নিপীড়নের প্রতিবাদে লাল কাপড় বেঁধে পদযাত্রা
সারাদেশে চলমান প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা দাবি পূরণ, ডিপ্লোমা সন্ত্রাসী ও নিপীড়কদের বিচার, পুলিশের হামলার প্রতিকার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে “MARCH AGAINST DIPLOMA HARASSERS” শিরোনামে পদযাত্রা করেন। মিছিলটি ক্যাম্পাস অতিক্রম করে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক হাসিবুল হাসান হিমেল বলেন, “সরকারের উপর মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রকৌশলীদের যৌক্তিক দাবি পূরণের জন্য। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবো। তোমাদের দাবি ন্যায্য এবং বিজয় সুনিশ্চিত।”
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বলেন, “সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের দাবির যৌক্তিকতা খণ্ডন করতে না পারলে দ্রুত বাস্তবায়ন করুন। পাশাপাশি সারাদেশে আমাদের শিক্ষার্থীদের প্রতি ফোঁটা রক্তের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।”
পুরকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব হোসেন বলেন, “আমরা তো ডিপ্লোমা শিক্ষার্থীদের থেকে দশম গ্রেড কেড়ে নেই নাই। আমরা শুধু সমান সুযোগ ও মেধার মূল্যায়ন চাইছি। তাদের এই অনীহা আসলে অযোগ্যতা ও দখলদার মানসিকতার বহিঃপ্রকাশ।”
সমাবেশে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রকৌশল শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের কোনো দাবিই অযৌক্তিক নয় বলে উল্লেখ করেন।