দুস্থ প্রতিবন্ধী দিনমজুররাও টিসিবি কার্ডের তালিকা থেকে বাদ

TCB card
নিজস্ব প্রতিবেদক: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩ অপরাহ্ন
দুস্থ প্রতিবন্ধী দিনমজুররাও টিসিবি কার্ডের তালিকা থেকে বাদ
..................সংগৃহীত ছবি

ট্রাক দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন মাসদার আলী (৫০)। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই বাজারে ঝাড়ু দেন। মাস শেষে পান সাড়ে ৪ হাজার টাকা। তা দিয়েই সংসার চালান। আগে টিসিবির একটি কার্ড ছিল প্রতিবন্ধী মাসদারের। নায্যমূল্যে কয়েকটা খাদ্যসামগ্রী পেতেন। বেশ উপকার হতো। প্রায় ৯ মাস আগে এলাকার সবার কার্ড জমা নেওয়া হয়। এরপর যে তালিকা করা হয়েছে সেখানে মাসদারের নাম নেই। তিনি টিসিবির কার্ডও পাননি।

মাসদারের বাড়ি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডে। প্রায় ১০ মাস আগে এ ওয়ার্ডের সবার টিসিবি কার্ড কাউন্সিলরের কার্যালয়ে জমা নেওয়া হয়। তখন থেকেই এ ওয়ার্ডে টিসিবির পণ্য দেওয়া বন্ধ। নতুন তালিকা করতে গেল বছরের শেষের দিকে জামায়াত-বিএনপির স্থানীয় কিছু নেতাকে নিয়ে একটি কমিটি করে দেয় সিটি করপোরেশন। তারা ইতোমধ্যে তালিকা করেছেন। সম্প্রতি কিছু মানুষকে ডেকে ডেকে কার্ডও দেওয়া হয়েছে। কিন্তু কার্ড পাননি মাসদারের মতো আগের কার্ডধারী অনেক দুস্থ, প্রতিবন্ধী এবং দিনমজুর।

মাসদার আলী বলেন, ‘আমি প্রতিবন্ধী মানুষ। সবাই ভালোবাসে। সাহায্য-সহযোগিতা করে। কিন্তু এবার যে টিসিবির তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হবে তা কল্পনাও করিনি। গত প্রায় ১০ মাস ধরেই মালামাল বিতরণ বন্ধ। একজন মানুষও কোন মালামাল পায়নি।’

বৃদ্ধ আজাদ আলীকেও (৬০) এবার আর টিসিবির কার্ড দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এই বয়সে আমি রংমিস্ত্রির কাজ করি। সংসারে স্বচ্ছলতা থাকলে তো করতাম না। আমার কার্ডটাও বাতিল করা কি ঠিক হয়েছে? আমি তো কোনো রাজনীতি করি না। আমার কার্ড কেন বাতিল?’

স্বামীহারা বৃদ্ধা নিলুফা বিবিরও (৬৫) আগে কার্ড ছিল। এবার আর তাকে কার্ড দেওয়া হয়নি। নিলুফা বিবির অভিযোগ, গরীব, দুস্থ, প্রতিবন্ধী ও দিনমজুরদের বাদ দিয়ে কার্ডে স্বজনপ্রীতি করা হয়েছে। যাদের স্বচ্ছলতা আছে, দলীয় বিবেচনায় তাদের কার্ড দেওয়া হয়েছে।’

তবে নতুন তালিকা নিয়ে ক্ষুব্ধ ওয়ার্ড বিএনপির নেতারাও। এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন গত ৮ আগস্ট জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ২৫ জুন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, ওয়ার্ডে টিসিবি কার্ডের তালিকা করতে অনিয়ম হচ্ছে। কতিপয় ব্যক্তিকে নিয়ে একটি কমিটি করে সিটি করপোরেশন সুবিধাভোগীর তালিকা করেছে যা নিয়মবহির্ভুত। প্রকৃত দুস্থ মানুষ বঞ্চিত হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন বলেন, ‘আগের তালিকা বাদ দিয়ে নতুন করে তালিকা করেছে। কিন্তু নতুন তালিকায় দেখা গেছে অনেক গরীব, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি বাদ পড়েছেন। এটা হতে পারে না। আমরা চাই যারা সত্যিই টিসিবি কার্ড পাওয়ার যোগ্য, তারা যেন পান। নতুন তালিকা বাতিলের জন্য আমরা দাবি জানাই।’

সংশ্লিষ্ট সত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতা ওয়ার্ডের টিসিবি কার্ড বাতিলের দাবি তোলেন। এ নিয়ে গত বছরের ৩ ডিসেম্বর রাসিকে একটি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান একটি কমিটি গঠন করে দেন নতুন তালিকা করা জন্য। ছয় সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয় নগর বিএনপির সাবেক সদস্য তাজ উদ্দিন সেন্টুকে। সদস্য ছিলেন ওয়ার্ড জামায়াতের আমির মনিরুজ্জামান সেন্টু। এ কমিটি নতুন তালিকা করেছে।

এলাকার বাসিন্দা নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, ‘কতিপয় দলীয় নেতা এবং সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে নতুন তালিকা হয়েছে। এতে পুরোটাই স্বজনপ্রীতি করা হয়েছে। যারা কার্ড পাওয়ার যোগ্য তারা পাননি। আমাদের কথা হলো এই কার্ড তো গরীব মানুষের জন্য। গরীব মানুষই পাক, স্বচ্ছলরা কেন?’

তালিকায় দুস্থরা বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘এটা তো আমি করছি না। আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ তোলে তাহলে সেটা ভুল।’

জানতে চাইলে কমিটির সদস্য ওয়ার্ড জামায়াতের আমির মনিরুজ্জামান সেন্টু বলেন, ‘ওয়ার্ডে কার্ড আছে আড়াই হাজারের মতো। সম্প্রতি আমরা অল্প কিছু কার্ড দিয়েছি। এরমধ্যেই অভিযোগ করা হয়েছে। তাই কার্ড বিতরণ বন্ধ আছে। আমরা প্রকৃত যোগ্যদেরই কার্ড দিচ্ছি। তারপরও কেউ যদি বাদ পড়ে, আমরা সেটা নিব বলেছি। আবার আমাদের করা তালিকায় যদি কোন স্বচ্ছল ব্যক্তি থাকেন, সেটাও বাদ দিতে চেয়েছি।’

কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা তাজ উদ্দিন সেন্টুর কথায় অবশ্য অভিমানের সুর। তিনি বলেন, ‘আমাদের ঠিকমতো তালিকা করতে দেওয়া হচ্ছে না। আগের লোকজনই যদি থাকবে, তাহলে আমাদের কমিটির কি দরকার? সে জন্য আমি কোনকিছুই আর দেখছি না।’

রাসিকের ওয়ার্ড কার্যালয়ের সচিব শামসুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর কার্ড বিতরণ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষ সব জানে। সমস্যার সমাধানের চেষ্টা চলছে। আমরাও চাই যে যারা প্রকৃতই দুস্থ এবং গরীব, তারাই যেন কার্ড পান।’