চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁন্দলাই ও জোড়বাগান মহল্লাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন কররা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই মহল্লার দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, শহরের চাঁন্দলাই ও জোড়বাগান এলাকায় দিন-রাত সব সময় মাদকসেবীদের উৎপাত চলে। এলাকার এবং এলাকার বাইরের মাদকসেবীরদের আখড়ায় পরিণত হয়েছে এ দুটি মহল্লা। মাদকের ছোবলে ধংস হচ্ছে যুব সমাজ। তারা জড়িয়ে পড়ছে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে। তারা এলাকায় সন্ত্রাসও করছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোন তৎপরতা নেই।
অবিলম্বে চাঁন্দলাই ও জোড়বাগান এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বক্তারা।