চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদের স্মরণসভা ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট।
জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশীদের বোন পারভিন কবীর, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, কোষাধ্যক্ষ আসলাম কবির, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের সহসভাপতি মারুফুল ইসলাম।
বক্তারা বলেন, গোলাম রশিদ শুধু একজন স্কাউটার ছিলেন না। তিনি ছিলেন একজন দক্ষ নেতা। ছিলেন সমাজসেবীও। তাঁর একনিষ্ঠ পরিশ্রমে ও দক্ষ নেতৃত্বে জেলায় স্কাউট কার্যক্রম গতি পায়। এগিয়ে গেছে অনেকদূর। তাঁকে আমাদের স্মরণ রাখতে হবে। স্কাউটসকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো পূরণ করতে হবে।