পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজারে জশনে জুলুসের র্যালি
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্ঠাব্দের এই দিনে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খৃষ্টাব্দের এইদিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসাবে পালন করেন। এইদিনে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন।
এ উপলক্ষে আজ সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া মাদ্রাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির উদ্যোগে বের করা হয় বিশাল পবিত্র জশনে জুলুসের র্যালি।
এর আগে ভোর থেকে জশনে জুলুসে যোগ দিতে ছুটে আসে শিশু-কিশোর থেকে শুরু করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী। সবার হাতে শোভা পায় জাতীয় ও ধর্মীয় পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার। বর্ণিলভাবে সাজানো হয় র্যালীতে অংশ নেয়া যানবাহনগুলো।
পরে নুনিয়ারছড়া মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চিশতির বাড়িতে মিলাদ, মোনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুন্নবী (সঃ) এর কর্মসূচি।
বিজয়বাংলা নিউজকে মরহুমের সুযোগ্য উত্তরসূরী ফারুক জানান, এইদিন আমাদের জন্য অত্যন্ত ধর্মীয় তাৎপর্যপূর্ণ। বাবা ভক্ত, আশেক, পাড়াপ্রতিবেশিদের নিয়ে উদযাপন করতেন। বাবার স্মৃতি ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আল্লাহর অশেষ রহমতে।