হামজাদের হংকং ম্যাচে ত্রিপক্ষীয় চুক্তি, টিকিট বিক্রি শুরু সোমবার
আগামী ৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। কুইকেট নামের প্রতিষ্ঠান এবার টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে। এর আগে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের টিকিটিং পার্টনার ছিল টিকিফাই।
আজ বিকেলে বাফুফে ভবনে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিং দায়িত্ব দেয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগ ইন লোড নিতে পারবে। টিকিটিং কার্যক্রম কোনো কারণে বিঘ্নিত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেসবুক পেজে নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহের নির্দেশনা থাকবে।’
৯ অক্টোবর বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় এই ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে রাত ৮ টা। সিঙ্গাপুর ম্যাচের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবে। গ্যালারি টিকিটের মূল্য আগের মতোই ৪০০ টাকা রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে ক্লাবগুলো মাত্র দু’টো টিকিট পেয়েছিল। এতে অনেক সমালোচনা হয়েছিল।
এবার ক্লাব, সাবেক ফুটবলার, ফুটবল সংশ্লিষ্টদের জন্য কত সংখ্যক টিকিট সংরক্ষিত থাকবে এটি নির্ধারণ করবে বাফুফে নির্বাহী কমিটি। ফুটবলের প্রকৃত দর্শকরা ঘরোয়া ফুটবলে মাঠে যায়। অনলাইনে সকল টিকিট ছাড়লে তখন নিয়মিত দর্শকদের অনেকেই টিকিট সংগ্রহ করতে পারেন না। এই বিষয়টি বাফুফের কম্পিটিশন কমিটি বিবেচনার মধ্যে রয়েছে।