২ হাজার ৯০০ কেজি আইইডি বোমার সরঞ্জাম উদ্ধারজম্মু-কাশ্মিরে অভিযান

Bomb material recovered in Jammu and Kashmir operation
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৫ ০৮:০৮ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৫ ০৮:০৮ অপরাহ্ন
২ হাজার ৯০০ কেজি আইইডি বোমার সরঞ্জাম উদ্ধারজম্মু-কাশ্মিরে অভিযান
সংগৃহীত ছবি

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগর এবং তিন জেলা অনন্তনাগ, গান্দেরবাল এবং শোপিয়ানে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার সন্দেহে এই চার জেলা থেকে ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর মধ্যে আছে বিস্ফোরক, টাইমার, রিমোট কন্ট্রোল, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম এবং অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান (পিস্তল, রিভলবার) ও গোলাবারুদ রয়েছে। জম্মু-কাশ্মির পুলিশ জানিয়েছে, আইইডি বোমা তৈরির এই বিপুল পরিমাণ সরঞ্জাম এবং অস্ত্র-গোলাবারুদের মালিক দু’টি জঙ্গিগোষ্ঠী— জইশ-ই মোহম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দ। জইশ-ই মোহম্মদ পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী, আর আনসার গাজওয়াত উল হিন্দ জম্মু-কাশ্মিরভিত্তিক আল-কায়দাপন্থি সশস্ত্র গোষ্ঠী।

দুই সপ্তাহে আগে শ্রীনগরে জইশ-ই মোহম্মদের সমর্থনে পোস্টার সাঁটার সময় গ্রেপ্তার হন আদিল আহমেদ রাথের নামের এক ব্যক্তি। গ্রেপ্তারের পর জানা যায়, তিনি অনন্তনাগ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এবং জইশ-ই মোহাম্মদের একজন গুপ্ত সংগঠক।

তাকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের সূত্র ধরে হরিয়ানা রাজ্যে গ্রেপ্তার করা হয় মুজাম্মিল শাকিল নামের আরেক ব্যক্তিকে। তিনিও চিকিৎসক এবং হরিয়ানার ফরিদাবাদ শহরের আল-ফালাহ মেডিকেল হাসপাতালে চাকরি করতেন। তার ফ্ল্যাট থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আইইডি বোমায় ব্যবহৃত বিস্ফোরক আরডিএক্স তৈরির কাঁচামাল এই অ্যামোনিয়াম নাইট্রেট। মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অপর ৫ জন হলেন আরিফ নিসর দার, ইয়াসির-উল-আসরফ, মকসুদ আহমেদ দার, ইরফান আহমেদ, জ়ামির আহমেদ।

জম্মু-কাশ্মিরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-কাশ্মিরে সামনে বড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল জইশ-ই মোহম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দের। উদ্ধারকৃত বোমার সরঞ্জাম, অস্ত্র ও বিস্ফোরক সেই পরিকল্পনার অংশ।