কপ-৩০ সম্মেলন

নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ

COP-30 Conference
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ
সংগৃহীত ছবি

ব্রাজিলে চলমান কপ-৩০ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। জাতিসংঘের আয়োজিত এই সম্মেলনে সহিংসতা অত্যন্ত বিরল হলেও, এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনাটি ঘটেছে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমে, যেখানে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় সম্মেলনস্থলের প্রধান ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

এসময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি আরো জানান, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তা বাহিনী নির্ধারিত প্রোটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিয়ে সম্মেলনস্থল সুরক্ষিত করেছে।’ সংঘর্ষের কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিরাপত্তাকর্মীরা দ্রুত সম্মেলনের মূল অংশ, অর্থাৎ উচ্চপর্যায়ের ‘ব্লু জোন’-এর প্রবেশপথে টেবিল ও চেয়ার সাজিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করেন।

এএফপির একজন সাংবাদিক জানান, তিনি একজন পুলিশ কর্মকর্তাকে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখেছেন। কপ-৩০ সম্মেলনস্থলের ভেতরের নিরাপত্তা দায়িত্বে রয়েছে জাতিসংঘ, আর বাইরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা উপস্থিত সবাইকে শীতাতপ নিয়ন্ত্রিত বৃহৎ তাঁবু এলাকা থেকে সাময়িকভাবে বেরিয়ে যেতে বলেন।

পারা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও সান্তিয়াগো বলেন, ‘আদিবাসী আন্দোলনের কর্মীরা ব্লু জোনে প্রবেশ করে তাদের দাবি জানাতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে তাদের ঢুকতে দেওয়া হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া ‘রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন’-এর সদস্য মারিয়া ক্লারা বলেন, আমি চাই মানুষ আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ দিক। আমাদের কণ্ঠ সব সময় উপেক্ষিত থাকে। কপ-৩০ শেষ হয়ে যাবে, কিন্তু বন ও ভূমি ধ্বংস চলতে থাকবে। তাই তারা নিজেদের কণ্ঠ তুলে ধরতে ব্লু জোনে ঢোকার চেষ্টা করেছিলেন।

অন্যদিকে, বিক্ষোভের আয়োজক সংগঠন ‘মার্চ ফর হেলথ অ্যান্ড ক্লাইমেট’ এই ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানায়। এক বিবৃতিতে তারা জানায়, ‘সম্মেলনস্থলের বাইরে শেষ হওয়া এই মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, সংগঠিত ও দায়িত্বশীল এক গণপ্রতিবাদ, যা সংলাপ ও সম্মিলিত অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।’

জাতিসংঘের মুখপাত্র নিশ্চিত করেছেন, ‘সম্মেলনস্থল এখন সম্পূর্ণ সুরক্ষিত এবং কপ-৩০-এর আলোচনা স্বাভাবিকভাবে চলছে।’ তিনি আরো জানান, ‘ব্রাজিলীয় কর্তৃপক্ষ ও জাতিসংঘ উভয়ই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।’ উল্লেখ্য, গত সপ্তাহে ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রী সোনিয়া গুজাজারার বক্তব্য অনুযায়ী, ‘আদিবাসীদের অংশগ্রহণের দিক থেকে এটি হবে ইতিহাসের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক কপ সম্মেলন।’

সূত্র : এএফপি, বিবিসি