রাজধানীর দয়াগঞ্জে ট্রাফিক পুলিশ সহায়তাকারীর হামলায় জবির ৫ শিক্ষার্থী আহত

5 JOB students injured
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৬:৪২ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৬:৪২ অপরাহ্ন
রাজধানীর দয়াগঞ্জে ট্রাফিক পুলিশ সহায়তাকারীর হামলায় জবির ৫ শিক্ষার্থী আহত
সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় থেকে মাগুরাগামী একটি বাসের শিক্ষার্থীরা রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক পুলিশ সহায়তাকারীর হাতে হামলার শিকার হয়েছেন। এতে দুজন গুরুতরসহ পাঁচ জন আহত হন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার পর ট্রাফিক সহায়তাকারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহতরা হলেন– তালহা জুবায়ের প্রিয়ম, আলামিন হোসেন, সোহাইল, মোহন, মোসাব্বির ও চৈতি

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ট্রাফিক সহায়তাকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গালাগাল করেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা শুরু হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড়ে জড়ো হয়ে হামলাকারীদের বিচার দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ ফাঁড়ি থেকে একজন অভিযুক্তকে বের করা হলে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কয়েকজন সহকারী প্রক্টর আহত হন। এরপর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাকি তিন অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়।

হামলার শিকার সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালহা জুবায়ের বলেন, আমাদের বাস দয়াগঞ্জ মোড়ে ট্রাফিকে ছিল। আমাদের বাসের কিছু বড় ভাই ট্রাফিকে দায়িত্বে থাকা কয়েকজনকে বলেছিলেন বাসটি ছাড়তে। তারা বাস ছেড়ে দেওয়ার পর হঠাৎ বড় ভাইদের ওপর আক্রমণ করে। পরে আমরা বাস থেকে নেমে তাদের বাঁচাতে গেলে আমাদের ওপরও আক্রমণ চালায়। আমি গিয়ে দেখি আলামিন ভাইকে মারছে। ঠেকাতে গেলে আমাকেও মারে। তারা পুলিশের লাঠি নিয়ে আমাদের ওপর চড়াও হয়। পুলিশ তখন নীরব দর্শক ছিল।

হামলার শিকার অ্যাকাউন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, আমাকে সহ ৪/৫ জনের ওপর তারা হামলা করে। কালো হুডি পরা এক ব্যক্তি পুলিশের লাঠি কেড়ে নিয়ে আমাদের মারধর করে। আমি, সোহান ভাই, সোহাইল, আলামিন, মিনু আপুসহ অনেকে হামলার শিকার হয়েছি। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

জবি প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডিকে ঘটনাস্থলে পাঠিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ছুটে এসেছি। ঘটনায় যারা যেভাবে অভিযুক্ত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা বলেন, কাউকেই আটক করা হয়নি। চারজনকে মব থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।