সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুমকির জবাবে, ভারতের পাল্টা স্পষ্ট হুঁশিয়ারি সংকেত

In response to Hasnat's threat to India over the Seven Sisters
অনলাইন ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:১৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:১৯ অপরাহ্ন
সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুমকির জবাবে, ভারতের পাল্টা স্পষ্ট হুঁশিয়ারি সংকেত
সংগৃহীত ছবি

বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশের কিছু মানুষের পক্ষ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে যেসব বক্তব্য আসছে, তা “দায়িত্বজ্ঞানহীন, বিপজ্জনক এবং উস্কানিমূলক”। এ ধরনের মন্তব্যে ভারত মোটেও চুপ থাকবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহ একটি বক্তব্যে দাবি করেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকা তার “প্রতিশোধ” নিতে পারে। তিনি প্রতিশোধের ভাষায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে “বিচ্ছিন্ন” করার কথা উল্লেখ করেন এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থনের ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর ভৌগোলিক দুর্বলতার কথাও তুলে ধরেন।

এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের লুমডিংয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে এ ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করার কথা বলা হচ্ছে। তিনি এ ধরনের চিন্তাভাবনাকে সম্পূর্ণ অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, “ভারত একটি অত্যন্ত বড় রাষ্ট্র, একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তা করতে পারে?” তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের মনোভাব শুধু ভুল নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, “এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। তাদের বোঝানো উচিত—এভাবে চলতে থাকলে ভারত চুপ করে থাকবে না।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অখণ্ডতা ও নিরাপত্তা নিয়ে যেকোনো উস্কানিমূলক বক্তব্যকে ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনে কড়া অবস্থান নিতেও প্রস্তুত।