ভেনেজুয়েলায় মার্কিন হামলা: কলম্বিয়া ও কিউবার তীব্র নিন্দা

US attack on Venezuela
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
ভেনেজুয়েলায় মার্কিন হামলা: কলম্বিয়া ও কিউবার তীব্র নিন্দা
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কলম্বিয়া এবং কিউবার রাষ্ট্রপ্রধানগণ। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়।

ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র রাজধানী কারাকাসে সামরিক হামলা চালিয়েছে। হামলার পরপরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনগণের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেন। তিনি লিখেছেন, ‘কলম্বিয়া যেকোনো একপক্ষীয় সামরিক পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের এমন খামখেয়ালি আচরণ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। একইসঙ্গে ভেনেজুয়েলার সাধারণ জনগণকে ঝুঁকিতে ফেলতে পারে।’

পেট্রো আরও জানান, কলম্বিয়া প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার পরিস্থিতি ‘গভীর উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করছে। তিনি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘অপরাধমূলক’ কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিউবা এই অপরাধমূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া প্রত্যাশা করছে।

বিশ্লেষকদের মতে, কারাকাসে হামলার অভিযোগ লাতিন আমেরিকায় নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক মহলের অবস্থান পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।