ঈদ কেনাকাটায় তানোরের মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়

The crowd of buyers has increased in the markets
সৈয়দ মাহামুদ শাওন : ১২ মার্চ ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন সারা বাংলা
সৈয়দ মাহামুদ শাওন : ১২ মার্চ ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
ঈদ কেনাকাটায় তানোরের মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজার, মার্কেট ও বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা। র

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজার, মার্কেট ও বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা। রমজানের শুরু থেকেই ঈদের প্রস্তুতি নিতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে, আর ইফতারের পর বেচাকেনা আরও প্রাণচঞ্চল হয়ে উঠছে।

উপজেলার তানোর পৌর বাজার, গোল্লাপাড়া, মুন্ডুমালা ও তালন্দসহ বিভিন্ন এলাকার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন ঈদ কেনাকাটার আমেজ। বিশেষ করে সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন অনেকেই।

স্থানীয় কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রোজার শুরুর দিকে অনেকেই বাজারে এসে পোশাকের ডিজাইন ও দাম যাচাই করেন। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটা বাড়ছে। বর্তমানে নারীদের থ্রি-পিস ৪০০ থেকে ৪ হাজার টাকা, শাড়ি ১ হাজার থেকে ৫ হাজার টাকা এবং পুরুষদের পাঞ্জাবি ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

আরেক গার্মেন্টস ব্যবসায়ী রবেল হোসেন বলেন, রমজানের প্রথম দিকে ক্রেতা তুলনামূলক কম থাকলেও গত কয়েক দিন ধরে বেচাকেনা বেশ সন্তোষজনক। আশা করা যাচ্ছে, ঈদের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে।

ক্রেতা মোস্তফা আলী বলেন, গত বছরের তুলনায় এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদকে কেন্দ্র করে জামাকাপড়ের দাম তুলনামূলক সহনীয় মনে হচ্ছে। পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতেই বাজারে এসেছি।

তানোরের ব্যস্ততম সড়কের পাশের ফুটপাতের দোকান থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতেই বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, ফ্যাশনেবল পোশাক ও কসমেটিকসের দোকানগুলোতে নারী ক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিষয়েও সংশ্লিষ্টদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যেন নিরাপদে কেনাকাটা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, ঈদকে ঘিরে বাজারে যাতে অতিরিক্ত দাম আদায় বা কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় বাড়লেও সড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।