গোদাগাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে রিইব-এর তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন
রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় গুণীগ্রামের দিঘরী রাজা পরিষদের সম্মেলন কক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে এই কর্মসূচী সম্পন্ন হয়।
রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং শ্রীমতি সুধা টপ্প্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুণীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আদিবাসী নেতা নীরেন চন্দ্র খালেকা ও সুধীর চন্দ্র ওরাওঁ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “তথ্যই শক্তি। নিজের জ্ঞান ও কর্মতৎপরতা হলো সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কাউকে কারো মুখাপেক্ষী হতে হবে না।” তারা আরও উল্লেখ করেন যে, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বঞ্চনার অন্যতম মূল কারণ হলো দেশ, সমাজ ও উন্নয়নের নানা তথ্য সম্পর্কে সম্যক ধারণা না থাকা। তাই জীবনমানের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের তথ্য অধিকার আইনের যথাযথ চর্চা করার আহ্বান জানানো হয়।
ক্যাম্পেইনে এলাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১৫ জন ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কর্মীরা অংশগ্রহণ করেন। রিইব-এর মাঠ সমন্বয়কারী শিক্ষার্থীদের সামনে তথ্য অধিকার আইনের মূল দিকগুলো তুলে ধরেন। আইনটি সম্পর্কে বিস্তারিত জেনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বেশ উজ্জীবিত হন। পুরো কর্মসূচীটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিপি টুডু ও নৃপেন্দ্রনাথ মাঝি।