তিন ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব পেলেন এক নারী পুলিশ কমিশনার
ভারতের হায়দরাবাদের মালকাজগিরির নারী পুলিশ কমিশনার সুমতি নারীদের নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
নারীরা রাতের বেলা কতটা নিরাপদ সেটি বাস্তবে দেখতে চেয়েছিলেন তিনি। এজন্য একদিন রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত একটি বাসস্টপে একা দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে মাত্র তিন ঘণ্টার মধ্যেই তাকে অন্তত ৪০ জন পুরুষ হেনস্তার চেষ্টা করেন। যাদের বেশিরভাগই মদ বা গাজা খেয়ে মাতাল ছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যারা তাকে হেনস্তার চেষ্টা করেছে তাদের বেশিরভাগেরই বয়স কম। তাদের অনেকে শিক্ষার্থী ও চাকরিজীবী। তবে তারা কেউই জানতেন না রাস্তায় ছদ্মবেশে থাকা নারীটি ছিলেন পুলিশের কমিশনার।
এ নারী পুলিশ কর্মকর্তাকে যারা যারা হেনস্তার চেষ্টা করেছিলেন তাদের পরবর্তীতে শনাক্ত ও আটক করা হয়। তবে কোনো ধরনের শাস্তি না দিয়ে কাউন্সেলিং এবং সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, সুমতি নামে এই নারী পুলিশ কর্মকর্তা প্রায় ২৫ বছর আগে একটি রেলস্টেশনেও একই ধরনের পরীক্ষা চালিয়েছিলেন। ওই সময় তিনি পুলিশের ডেপুটি সুপার ছিলেন।
সুমতি তেলেঙ্গানা রাজ্যের একজন আইপিএস অফিসার। তিনি রাজ্য গোয়েন্দা সংস্থার প্রধানের ভূমিকাও পালন করেছেন। এরপর হায়দরাবাদের মালকাজগিরির পুলিশ কমিশনানের দায়িত্ব পান। মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণে তার বড় ভূমিকা ছিল।
সূত্র: এনডিটিভি