বগুড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা, সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

Case against three people including ex-wife
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
বগুড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা, সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
রাহুল যাদব

বগুড়ায় ব্যবসায়ী রাহুল যাদবের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৭ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত রাহুল যাদবের বাবা নিরঞ্জন গোয়ালা। তিনি শহরের নামাজগড় ডালপট্টি এলাকার ব্যবসায়ী।

মামলায় রাহুলের সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), তার বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫) এবং প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে আসামি করা হয়েছে। 

সোমবার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে রাহুল যাদবের সঙ্গে প্রিয়া রানী মহন্তের বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রিয়ার সঙ্গে হৃদয় মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার হৃদয় মহন্ত ও প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি বলে এজাহারে দাবি করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মেয়েকে কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন প্রিয়া রানী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। কয়েক দিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন উল্লেখ করে একটি হলফনামা পাঠান। বাড়ি ছাড়ার সময় তিনি নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। 

পরিবারের দাবি, স্ত্রীর চলে যাওয়া ও পরবর্তী ঘটনাগুলোর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল যাদব। গত বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি ইব্রাহীম আলী বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





এসআইএল/বিবিএন