ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন বগুড়ার ২৮ শ্রমিক

28 workers from Bogra
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন বগুড়ার ২৮ শ্রমিক
সংগৃহীত ছবি

জীবিকার তাগিদে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস বন্দিজীবন কাটানোর পর দেশে ফিরেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ শ্রমিক। সম্প্রতি বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

শনিবার (৬ জুন) স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ এক স্ট্যাটাসে শ্রমিকদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

দেশে ফেরা শ্রমিকরা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কুহলী, দোহার, তেঘরী ও দাসগ্রাম এবং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন রানা আহমেদ (৩০), আতিকুল ইসলাম (২৮), ফারুক হোসেন (৩০), ফিরোজ হোসেন (২১) ও সেলিম হোসেন (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে এসব শ্রমিক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের তামিলনাড়ুর একটি হোটেল থেকে দিল্লি সিআইডি তাদের আটক করে। পরবর্তীতে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। সেখানে তারা ১৪ মাস কারাভোগ করেন। কারামুক্তির পর আরও তিন মাস একটি পুনর্বাসন কেন্দ্রে থাকতে হয়। সব মিলিয়ে প্রায় ১৭ মাস তারা চরম দুর্ভোগের মধ্যে কাটান।

শ্রমিকদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তারা প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে দেশে ফেরার খবরে পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে গত ২৭ মে তারা দেশে ফেরার সুযোগ পান।

ফিরে আসা শ্রমিক রাজু আহমেদ বলেন, দীর্ঘ ১৭ মাস আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। অবশেষে দেশে ফিরতে পেরে খুবই আনন্দিত। পরিবারের কাছে ফিরে এসে স্বস্তি লাগছে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বিদেশে আটকে পড়া এসব শ্রমিক ও তাদের পরিবার দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিল। অবশেষে তারা দেশে ফিরতে পেরেছেন, যা অত্যন্ত স্বস্তির বিষয়। ভবিষ্যতে কেউ যেন দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশে না যান, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জীবিকার সন্ধানে কেউ যেন দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশে গিয়ে ঝুঁকির মধ্যে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশে ফেরার পর শনিবার সকালে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মোশারফ হোসেন। এ সময় তারা বন্দিজীবনের নানা অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই ভারতে আটক শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতায় সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।