২০২৭ সালের বিশ্বকাপই কোহলির শেষ

Virat Kohli
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
২০২৭ সালের বিশ্বকাপই কোহলির শেষ
--সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডেতে খেলে যাচ্ছেন বিরাট কোহলি। এবার এই ফরম্যাট থেকেও হয়তো সরে যাওয়ার সময় এসেছে। আগামী বছরই শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন ভারতের এই ব্যাটিং তারকা।


৫৪টি ওয়ানডে সেঞ্চুরির মালিক কোহলি এই বছরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেন। এখন কেবল ওয়ানডেতেই খেলে যাচ্ছেন ডানহাতি ব্যাটার। মূলত আগামী বছরের বিশ্বকাপ খেলার বাসনা থেকেই ৫০ ওভারের ক্রিকেট খেলছেন বলে ধরে নেওয়া যায়। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিজের প্রথম আসরেই বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন কোহলি। তবে তারকাখ্যাতি পাওয়ার পর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। তাই নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিততে সর্বোচ্চটা উজার করে দিতে চান কোহলি।


শনিবার জিওস্টারকে কোহলি বলেন, ‘আমার জন্য, এটাই ভারতের হয়ে খেলা আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া। আর অবশ্যই, লক্ষ্যটা হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা দরকার, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’


আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে বিশ্বকাপ, যেটা কোহলির ক্যারিয়ারের পঞ্চম আসর। কোহলি জানালেন, এবার দেশের বাইরে বিশ্বকাপ হওয়ার কারণে এটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তিনি বললেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি।’


সাবেক অধিনায়ক রোহিত শর্মাও শুধু ওয়ানডে খেলছেন। তিনিও আরেকটি বিশ্বকাপ খেলার রোমাঞ্চ অনুভব করছেন, ‘আমার কাজ শেষ হয়ে গেছে, এই চিন্তা কখনও আমার মনে আসেনি। যতদিন খেলছি, ততদিন সবসময় কিছুর জন্য উন্মুখ হয়ে থাকব। আমি এখন বিশ্বকাপের জন্য অধীর অপেক্ষায়।’


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াডে আছেন কোহলি ও রোহিত। আগামীকাল থিরুভানান্থাপুরামে হবে প্রথম ম্যাচ।