ইসরায়েল ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত আয়ারল্যান্ডের
ইসরায়েল ও আয়ারল্যান্ড নেশনস লিগের একই গ্রুপে আসার পর থেকেই আয়ারল্যান্ডে ম্যাচটি বয়কটের দাবি জোরালো হতে থাকে। গাজা যুদ্ধ নিয়ে দেশটিতে যে তীব্র বিতর্ক চলছে, তার প্রভাব পড়ে ফুটবলেও। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণা শুরু হয়েছিল ম্যাচ দুটি না খেলার দাবিতে।
এই মানবিক আবেদনে সাড়া দিয়েছিল আয়ারল্যান্ড ফুটবল দল। শনিবার সকালেও ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা ছিল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনও নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে স্থগিত করা হয়। দলের ট্রেনিং সেশনেও হয়েছিল বিলম্বে।
খেলোয়াড়রা তাদের হোটেলে গিয়ে নিজেদের মধ্যে বৈঠক করে। মাঠে নামা নিয়ে অনেকের উদ্বেগের মাঝে গোলকিপার গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। পরে খেলোয়াড়দের ভোটাভুটির পর ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
তবে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ইসরায়েলকে ঠিকই ফিলিস্তিনের গাজায় গণহত্যার ব্যাপারে মনে করিয়ে দেবে। গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড প্রধান নির্বাহী ডেভিড কোরেল এই খবর নিশ্চিত করেছেন।
শনিবার দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ‘তাদের অন্যতম অনুরোধ ছিল এই উইন্ডোতে বাকি সময়ে গণমাধ্যমের দায়বদ্ধতা তারা পালন করবে না। এছাড়া (গাজায়) সংঘাতে নিহতদের স্মরণে তারা কালো আর্মব্যান্ড পরবে।’
এই ম্যাচে আরও কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে যাবে আয়ারল্যান্ড, কোরেল বললেন, ‘ম্যাচ-পূর্ববর্তী অনুষ্ঠানের কিছু অংশে রিপাবলিক অফ আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে না এবং খেলোয়াড়দেরও ইচ্ছা আছে যে, (ইসরায়েলের দুটি খেলার) ম্যাচ ফি এবং (বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দাতব্য অনুদান দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখা হবে।’