রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি, সেমিনার ও ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
বিশ্ব হার্ট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, গণমুখী সেমিনার, আলোচনা সভা ও ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে "প্রতিটি স্পন্দনই জীবন" বার্তাটি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
কর্মসূচির শুরুতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হাবিবুর রহমান। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমণ করে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এস আই এম রাজিউল করিম।
সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর চীফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন। তিনি হৃদরোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ হাসান আলী সভাপতিত্ব করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষদের বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।