রাজশাহীসহ পশ্চিমাঞ্চলের অভিযান

টিকিট চেকিংয়ে কমছে বিনা টিকিটের যাত্রী, বাড়ছে রেলের রাজস্ব

Campaign in the western region including Rajshahi
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
টিকিট চেকিংয়ে কমছে বিনা টিকিটের যাত্রী, বাড়ছে রেলের রাজস্ব

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতে রাজশাহীসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে জোরদার করা হয়েছে টিকিট পরিদর্শন কার্যক্রম। নিয়মিত ট্রেন চেকিং ও স্টেশনে ব্লক চেকিংয়ের ফলে বিনা টিকিটের যাত্রী কমার পাশাপাশি অনাদায়ী ভাড়া ও জরিমানা আদায়ের মাধ্যমে রেলের রাজস্বও বাড়ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম গেটে ব্লক চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সময়ে ঢালারচর এক্সপ্রেস ট্রেনেও চলছে টিকিট পরীক্ষা। কার্যক্রমে এটিএস/টিসি আলম ও টিটিই ইন্সপেক্টর মিঠুসহ সংশ্লিষ্ট টিকিট পরিদর্শকরা দায়িত্ব পালন করছেন।

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী-আব্দুলপুর ও ঈশ্বরদী রুটেও নিয়মিত ট্রেনভিত্তিক টিকিট চেকিং করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আকস্মিক ও নিয়মিত পরিদর্শনের কারণে বিনা টিকিটে যাত্রা নিরুৎসাহিত হচ্ছে এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণের প্রবণতা বাড়ছে।

বাংলাদেশ রেলের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের এক দিনের বিশেষ অভিযানে ৭৭টি ট্রেনে ২ হাজার ৯০৭ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ মোট ৫ লাখ ১৮ হাজার ৩১৫ টাকা আদায় করা হয়। এ ধরনের অভিযান রেলের রাজস্ব আদায়ে সরাসরি ভূমিকা রাখছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলের মোট রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি। একই সময়ে যাত্রী পরিবহন খাতের আয়ও বেড়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, টিকিটবিহীন যাত্রা বন্ধে নিয়মিত চেকিংয়ের পাশাপাশি স্টেশন ও ট্রেনে আকস্মিক ব্লক চেকিং অব্যাহত রাখা হবে। এতে যাত্রীদের টিকিট কেটে ভ্রমণে উৎসাহিত করার পাশাপাশি রেলের রাজস্ব আদায় আরও বাড়বে বলে আশা করছেন তারা।