মুসল্লিদের দুর্ভোগ লাঘবে ভদ্রা ঈদগাহ ময়দানে নতুন ছাউনি নির্মাণ
রাজশাহী: বৃষ্টি ও প্রচণ্ড রোদের সময় মুসল্লিদের দুর্ভোগ কমানোর পাশাপাশি জানাজার মরদেহ রাখার সুবিধার্থে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে একটি নতুন টিনের ছাউনি নির্মাণ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে ছাউনিটি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাউনিটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ মোঃ গোলজার হোসেন, সহ-সভাপতি মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান আলী সেন্টু, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম, মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ও জানাজার সময় বৃষ্টি কিংবা তীব্র রোদে মুসল্লিদের নানা সমস্যায় পড়তে হতো। নতুন এই ছাউনি নির্মাণের ফলে বিশেষ করে জানাজার মরদেহ রাখা এবং মুসল্লিদের অপেক্ষার ক্ষেত্রে সুবিধা হবে।