নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাইবার সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

Cyber ​​security issues to prevent violence against women
ছোটন সরদার ০৬ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৬ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাইবার সুরক্ষা বিষয়ক আলোচনা সভা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অনলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা বিষয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অনলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা বিষয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের আওতায় রাজশাহী কোয়ালিশন টিমের আয়োজনে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের (সিএন্ডবি মোড়) সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়জুল কবির। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পিপিএম) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের ডিসি মোহাম্মদ গাজিউর রহমান,  বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।


উপস্থিত ছিলেন রাজশাহী কোয়ালিশনের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, রাজকুমার শাও, আলিমা খাতুন লিমা, মেরিনা হাঁসদা, মোসাঃ সুইটি ইয়াসমিন, ছোটন সরদার, সম্রাট রায়হান ও জুলফিকার আলী হায়দারসহ পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।



আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতার ধরন ও প্রতিরোধ, সাইবার হয়রানি, অনলাইনে নারীদের নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি এবং সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।  


 প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে নারীর প্রতি সহিংসতার ধরনও পরিবর্তিত হচ্ছে। অনলাইনে হয়রানি, হুমকি, ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহারসহ বিভিন্ন ধরনের সাইবার সহিংসতা নারীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্রতিরোধে নারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি আইনগত সহায়তা ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা জরুরি।আলোচনায় নারী ও কিশোরীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, নাগরিক সমাজ, গণমাধ্যম, আইনজীবী, এনজিও এবং নারী অধিকারকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।