রাজশাহী সীমান্তে ২৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের সিজার মূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
জব্দ করা মাদক সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।