রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে জখম ও ছিনতাই: প্রধান হোতাসহ গ্রেফতার ৩
রাজশাহীর চারঘাটে ব্যাটারিচালিত ভ্যানচালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ভ্যান, স্মার্টফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১:৩০টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ জহিরুল ইসলাম (৩০), তার সহযোগী মোঃ সহিদুল ইসলাম (৪২) এবং আলমগীর হোসেন (৩৪)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চারঘাটের শিশাতলা এলাকায় যাত্রীবেশে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি ভ্যানচালক তফিকুল ইসলামের (৫০) ভ্যানে ওঠেন। পথিমধ্যে তারা অতর্কিত হামলা চালিয়ে চাকু দিয়ে চালকের হাতে রক্তাক্ত জখম করেন এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তফিকুলের ব্যাটারিচালিত ভ্যান, একটি স্মার্টফোন এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা (মামলা নং-০৮, তারিখ: ১২ অক্টোবর ২০২৬, ধারা: ৩৯৪ দণ্ডবিধি) দায়ের করেন।
ঘটনার পর পরেই এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বাঘার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মূলহোতা জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্যান ছিনতাইকারী আলমগীর এবং ফোন ছিনতাইকারী সহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামী জহিরুল চিহ্নিত ছিনতাইকারী ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।