রাজশাহীতে ৮ কেজি হেরোইন ও চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

4 arrested with 8 kg heroin and weapons in Chapainawabganj
আবুল কালাম আজাদ ২৩ নভেম্বর ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন আইন-আদালত
আবুল কালাম আজাদ ২৩ নভেম্বর ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে ৮ কেজি হেরোইন ও চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
রাজশাহীতে ৮ কেজি হেরোইন ও চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর পৃথক দুটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন এবং রাজশাহী মহানগরে প্রায় ৮ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ নভেম্বর দিবাগত রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।  

​র‌্যাব-৫, রাজশাহী এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

​বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল ২৩ নভেম্বর রাতে শিবগঞ্জ থানাধীন রণী নগর হাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব জানায়, আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের মামলা এবং আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।  


​অন্যদিকে, একই রাতে র‌্যাব-৫ এর অপর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে আটক করে। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য আইনে পূর্বের মামলা রয়েছে।  ​উভয় ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 ​প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৬ মাসে র‌্যাব-৫ মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গান পাউডারসহ ৯ জনকে এবং প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে।