সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীতে গ্রেপ্তার ১১
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলি(আরএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ এবং থানা পুলিশের যৌথ ও পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আরএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সবাই সন্ত্রাসবিরোধী আইনে রাজপাড়া থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতদের পরিচয় ও দলীয় পদ:-
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একাধিক সাবেক জনপ্রতিনিধি ও দলীয় নেতা রয়েছেন। তাঁরা হলেন,মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫): মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র (মোহনপুর)।মো. মাসুদ (৫৭): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি (রায়পাড়া, শাহমখদুম)।
মুছা আহমদ খান মন্টু (৪০): সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী (বড় বনগ্রাম কচুপাড়া)।মো. ইকবাল হোসেন (৫২): মোহনপুর থানা যুবলীগের সভাপতি (খারইল গ্রাম, মোহনপুর)।
ইদ্রিস আলম (৪২): মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি (কেশবপুর ভেড়িপাড়া, রাজপাড়া)।
এ ছাড়া সক্রিয় কর্মী হিসেবে গ্রেপ্তার হয়েছেন— আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬) (বায়াপানপাড়া, এয়ারপোর্ট), সোবাহান ওরফে শুভ (৩০) (ভোলাবাড়ি), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০) (গহমাবোন, দামকুড়া), মোহাম্মদ রুবেল শেখ (৩৮) (কামারখাঁ, তানোর), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮) (দমদমা, তানোর) এবং মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪) (শিরোইল কলোনি, চন্দ্রিমা)।
মামলার প্রেক্ষাপট ও আইনি পদক্ষেপ:-
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই ঘটনার জেরে একই দিন রাজপাড়া থানায় মামলা (নম্বর-৪৫) দায়ের করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএমপি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিছিল ও নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে নগরজুড়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।