টি২০ বিশ্বকাপ

ইতিহাস ডাকছে বুড়ো ফ্র্যাঙ্ককে

T20 World Cup
অনলাইন ডেস্ক : ০৭ মে ২০২৪ ১১:৪৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০৭ মে ২০২৪ ১১:৪৩ অপরাহ্ন
ইতিহাস ডাকছে  বুড়ো ফ্র্যাঙ্ককে
ব্রায়ান মাসাবা।.....সংগৃহীত ছবি

ইতিহাস তো উগান্ডা আগেই গড়েছে, কেনিয়া ও টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকান অঞ্চল থেকে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রায়ান মাসাবার দল। ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠত্বের মঞ্চে পা-রাখার আগেই এবার আরও কীর্তির সামনে দাঁড়িয়ে ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা। সব ঠিক থাকলে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হতে যাচ্ছেন এ অলরাউন্ডার। ২০২৪ টি২০ বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দেশ দল ঘোষণা করেছে তাদের মধ্যে এনসুবুগার বয়সই সবচেয়ে বেশি। ওমানের নাদিম ও নাসিম খুশির বয়স ৪১ বছর। মঙ্গলবার এ রিপোর্ট লেখার সময় এনসুবুগার বয়স ৪৩ বছর ২৫৩ দিন।

১৯৮০ সালের ২৮ আগস্ট জন্ম নেওয়া অভিজ্ঞ এনসুবুগা ১৯৯৭ সাল থেকে খেলছেন উগান্ডার হয়ে। মাঠে নেমেছেন ৫৪ টি২০তে। ডানহাতি ব্যাটিংয়ে ৯.৮৭ গড়ে ১৫৮ রান করেছেন তিনি। বাঁহাতি স্পিন বোলিংয়ে ১৬.০৩ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে যেন ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল আফ্রিকার দেশ উগান্ডা।

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছিল নামিবিয়া। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে যোগ দেয় উগান্ডা। বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই জিতেছে উগান্ডা। তাদের চমক জাগানিয়া পারফরম্যান্সে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয় টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের। বিশ্বকাপে গ্রুপে ‘সি’ তে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ। ৪ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের বিশ্বকাপ মিশন। 

উগান্ডার বিশ্বকাপ দলে আছেন আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে টি২০ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক সাইমন সেসাজি (১৬ ফিফটিতে ২০৭২) ও সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি সেনিয়োন্ডা (৭৭ ম্যাচে ৯৪ উইকেট)। সম্পর্কে তারা ভাই।