উম্মে সালমা উদ্যোক্তা

Umm Salma is an entrepreneur
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ন
উম্মে সালমা উদ্যোক্তা
উম্মে সালমা উদ্যোক্তা

বাংলাদেশ উন্নয়নের বিকাশমান ধারায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে সমসংখ্যক নারীও পেছনে পড়ে থাকছে না। এক সময়ের স্নেহময়ী মাতা আর গৃহিণীর পূর্ণ অবয়বে তৈরি হওয়া নারীরা সংসার সংস্কারের চাহিদা মিটিয়ে যেত।  বর্তমানে সেখানে সম্পৃক্ত হয়েছে নতুন সময়ের উদাত্ত আহ্বান। নারীরা পেশা হিসেবে শিক্ষকতাকে প্রাধান্য দেওয়া যুগ যুগান্তরের অনিবার্য বরমাল্য।

আবার অনেক রমণী মানব সেবার অনন্য কর্মযোগ চিকিৎসক হিসেবে নিজেদের তৈরি করতে এগিয়েই গেছেন। আর ব্যবসাবাণিজ্যে ছিল কেমন যেন চরম অনীহা। ঝুঁকিপূর্ণ এমন পেশাকে বরাবরই এড়িয়ে চলেছে শিক্ষিত অশিক্ষিত নারীরা। সেই গত শতাব্দীর শেষ দশক অবধি। তবে একবিংশ শতাব্দীর সূচনালগ্ন থেকে সারা বিশ্ব আধুনিকতার নবদ্যুতির আলোকে যে মাত্রায় শাণিত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবনে।

তার সঙ্গে পাল্লা দিয়ে সমাজের অর্ধেক অংশ নারীও নিজেদের নবোদ্যোমে নতুন দুনিয়ায় পা রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে সবার আগে নজরে আসে ব্যবসাবাণিজ্যের ঝুঁকি ও গুরুত্বপূর্ণ পেশা। শুধু সুশিক্ষিত নারীরাই নন বরং স্বল্প ও অশিক্ষিত নারীর মধ্যে স্পৃহা জাগে স্বল্প পড়াশোনা ও সামান্য পুঁজি নিয়ে আলাদা মাত্রার ব্যবসাবাণিজ্যে সমর্পিত হওয়া।

সেখানে সংসার ধর্মের চিরায়ত রান্নাবান্নার প্রতিও পরম আগ্রহে অতি সাধারণ বঙ্গরমণীও খাদ্যপণ্যের পসরা সাজিয়ে নিজেদের প্রস্তুত করতে থাকেন।  প্রতিদিনের আহারের রান্নার আয়োজন যে কোনো নারীর আজন্ম লালিত স্বপ্ন কর্মসাধনা। পুরাকাল থেকে আমাদের মা, খালা, চাচি, নানি-দাদিরা যা করে গেছেন। সাংসারিক নিয়ম অনুযায়ী পরিবারের কন্যাটিও বড় হওয়ার সুবর্ণ সময়ে মায়ের হাতের রান্নার সুস্বাদু আমেজ উপভোগ করতে থাকে।

শুধু তাই নয় যে কোনো কর্মসাধনার মতো তালিম নেওয়ার আগ্রহও ভেতরের বোধকে উজ্জীবিত করতে থাকে। মায়ের পাশে ঘুরঘুর করার ফাঁকতালে রান্নার হরেক কারুকার্যও রপ্ত করতে বিভোর হয়। এক সময় মনে হয় নিজেই তো রান্নাটা করে ফেলতে পারি অনেকটা পড়াশোনার মতোই। যেই ভাবা তেমনই কাজে নেমে পড়া।

এক সময়ের প্রয়োজনের রান্নাবান্না আজ সময়ের তাগিদে শিল্পসম্মত কর্মযোগে অনেকের নজর কাড়তে থাকে। সেভাবেই অনেক উদীয়মান সম্ভাবনাময় তরুণী চাকরির খোঁজে সময় ব্যয় না করে বরং হাতের কাছে মায়ের আদলে রান্নার জোগাড় যন্ত্র করার দিকে বেশ মনোযোগ দিলেন।

আর সেখান থেকেই আমাদের ক্ষুদ্র বাংলাদেশের নারীরাও বিভিন্ন মাত্রার উদ্যোক্তার কাতারে নিজেদের পরিচয় সফলতার সঙ্গে প্রমাণ করে যাচ্ছে। আলাদা কোনো জায়গা লাগছে না। পেশার জন্য কোনো কর্মস্থলে ছুটতে হচ্ছে না। আবার অর্থ বিনিয়োগেরও তেমন কোনো ঝক্কি ঝামেলা থাকছে না। স্বল্প পুঁজিতে নিত্যদিনের দরকারি খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চিত্রও দৃষ্টিনন্দনভাবে দৃশ্যমান হচ্ছে।

তেমন এক উদ্যোক্তা রন্ধনশিল্পী উম্মে সালমা। তার পেছনের গল্প শুনছিলাম পারম আগ্রহ আর নিবিড় মনোযোগে। তার আগে একটা বাস্তব প্রেক্ষাপট উল্লেখ না করলে নারীদের উদ্যোক্তা বনে যাওয়ার নতুন কাহিনী কিছুটা পেছনে পড়তে পারে। তবে বুটিক শিল্পেও নারীদের দৃশ্যমান অংশগ্রহণ বহু কালের। সেই মা, খালা, নানি, দাদিদের কাঁথা বুননের ঐতিহ্য আজও বাংলার ঘরে ঘরে এক অভাবনীয় বুনন শিল্প।

সেই কাঁথা ফোঁড় আজ আধুনিকতার নিত্যনতুন  নির্মাল্যে নজরকাড়া বুনন শিল্প কারুকার্যে নিজেদের নন্দন তত্ত্বকে ক্রমন্বয়ে ফুটিয়েই তুলছে। সেটা শুধু সাংসারিক পরিম-লে আবদ্ধ নেই। বরং পারিবারিক সীমাবদ্ধ আলয় পেরিয়ে বৃহত্তর সামাজিক অঙিনায় দর্প ভরে নান্দনিক শিল্পকার্য যেন মাতিয়ে দেওয়ার মতো। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এক নতুন বিপ্লব তো ঘটালেন।

২০১১ সালে নারীবান্ধব এক সম্প্রসারিত কর্মযোগ বাংলার আনাচে কানাচে অসংখ্য নারীর দৃষ্টি আকর্ষণে সাড়া জাগালো। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ নারী ঘনিষ্ঠ এক মহা প্রকল্পের যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তেমন মহা কর্মযোগ আজ যুগপূর্তি পার করে যে মহতি সীমানায় দাঁড়ানো সেটাও নিত্যনতুন নারী উদ্যোক্তা তৈরির অনন্য কর্মযোগ তো বটেই। যার গল্প উপস্থাপনে এই বিরাট পটভূমি সেই উম্মে সালমার নতুন কর্মযোগের দিকে দৃষ্টিপাত করব এবার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের বরগুনায় উম্মে সালমার আদিনিবাস। পিতা আ. ফ. ম. সেকান্দর।

পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। মা সালেহা বেগম। মাতৃত্বের মহিমায় মমতাময়ীর আদলে উদ্ভাসিত এক নারীসত্তা। শুধু কি তাই? কন্যা উচ্ছ্বসিত আবেগে উচ্চারণ করলেন মা একজন সুগৃহিণী এবং পাকা রাঁধুনীও। এমন সব মায়েরাই তো দেশের শ্রেষ্ঠ সন্তানদের উপহার দিয়েছেন। দেশমাতৃকার শৃঙ্খল মোচন আর স্বদেশ গড়ার অতন্ত্র প্রহরীরা বাংলার গর্বিত মায়েদের যোগ্যতম সন্তান।  যারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশ নেন।

সালমারা দুই বোন ও এক ভাই। নিজে উদ্যোক্তার কাতারে শামিল হয়ে রন্ধনশিল্পে কর্মযোগকে শাণিত করে যাচ্ছেন। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবই বরগুনা জেলার আমতলী উপজেলায়। আমতলী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার হাতেখড়ি। শুধু তাই নয় পঞ্চম শ্রেণি পাঠ সমাপ্ত করে পরবর্তীতে ভর্তি হন মফিজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ে।

নিজেকে গড়ে তোলার সুবর্ণ সময়ে শিক্ষার্থীর জীবন চলাকালেই মায়ের হাতের সুস্বাদু রান্নার আমেজ আজও স্মৃতির পাতায় দীপ্যমান হয়ে আছে। শুধু তাই নয় পাড়া প্রতিবেশীরাও আসতেন মায়ের হাতের রান্না শেখার অদম্য উৎসাহে। মা শুধু যে ভালো রাঁধতেন তা কিন্তু নয় বরং খুব ভালো সেলাইতেও পারদর্শী ছিলেন। কিন্তু মা করতেন প্রয়োজনে আর শখের বসে।

সেখানে বাড়তি উপার্জন কিংবা আর্থিক আদান-প্রদান কখনোই ভাবেননি। আগেই উল্লেখ করি এক সময় মেয়েরা ব্যবসাবাণিজ্যের দিকে নজরই দিত না। বাটিক, হাতে করা রং তুলির নকশাও করতে পারতেন দৃষ্টিনন্দনভাবে। মায়ের হাতের বাহারি কারুকার্যের শিল্পকর্ম দেখতে দেখতে সালমা পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই তেমন অনিন্দ্য সুন্দর সূক্ষ্ম হস্তশিল্পের প্রতি মুগ্ধতার বিস্ময়ে বিমোহিত হয়ে যেতেন।

শুধু তাই নয় নিজেকে মায়ের অনন্য রূপে সমর্পিত করতেও দ্বিধাহীনভাবে এগিয়ে যেতেন। ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসা আর এক নতুন জীবনকে কবুল করা ধর্ম ও সমাজের চিরায়ত বিধি। বিয়ের পর সংসার সাজাতে হয় রাজধানীতে। কালক্রমে তিন কন্যা সন্তানের জননী হওয়াও জীবনের পরম আরাধ্য বিষয়। সেই কন্যারা যখন বিদ্যালয়গামী হলো তাকে টিফিন বানিয়ে দিতে হতো।

সময় সময় কিছু টিফিন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক অনেকেরই নজর কাড়ে। পরার জন্য যে নয়নাভিরাম পোশাক বানানো হতো সেটাও অনেকের দৃষ্টিতে পড়ে যায়। তারপর আর পেছন ফিরে তাকানো নয়। বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নে উদ্যোক্তার কাতারে চলে আসা। তবে তিন কন্যাই মায়ের বানানো রান্না শুধু পছন্দই নয় বরং বাণিজ্যিক কর্মযোগেও মাকে সহায়তা করে যান বলে সালমার জীবনের পরম অনুভূতিও পাওনা বলে মনে করেন তিনি।

কন্যাদের শুধু উচ্চ শিক্ষিত করাই নয় বরং পছন্দ মাফিক পেশায় যুক্ত হয়ে নিজেদের স্বাবলম্বী করবে এটাই স্নেহময়ী জননীর পরম আকাক্সক্ষা। প্রথম কন্যা ইতোমধ্যে প্রকৌশলি হয়ে প্রাসঙ্গিক পেশায় যুক্ত আছেন।