রাইসির প্রতি লাখ লাখ মানুষের শ্রদ্ধা
প্রিয় নেতাদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইরান। শুধু ইরান নয়, পাশের দেশ ইরাক ও সিরিয়াবাসীও মঙ্গলবার রাস্তায় নেমে ইব্রাহিম রাইসিসহ অন্যদের জন্য চোখের পানি ফেলেন। অনেকে বুক চাপড়ে কাঁদেন। অনেকে আবার প্রার্থনা করেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় তাবরিজ শহরে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ মানুষ অংশ নেন।
আগতদের সবার হাতে ছিল ফুল অথবা প্রিয় নেতা রাইসির ছবি। এরপর তাদের মরদেহ ইরানের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। আজ বুধবার তাদের মরদেহ রাজধানী তেহরানে আনা হবে। তেহরানেও তাদের জানাজা অনুষ্ঠিত হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আজকের জানাজা পড়াতে পারেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর রাইসির মৃতদেহ তার জন্মশহর মাশাদে নেওয়া হবে।
বৃহস্পতিবার এই শহরেই চিরনিন্দ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। প্রিয় প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে আজ ইরানে সরকারি ছুটি। রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ দেশটির আরো সাত সিনিয়র নেতা নিহত হন। এদিন ইরান-আজারবাইজান সীমান্তের আরাস নদীর ওপর নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান রাইসি।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভের সঙ্গে বাঁধটি উদ্বোধনের পর হেলিকপ্টারযোগে তাবরিজ শহরে আসছিলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই জোলাফা এলাকায় কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। তাদের মৃত্যুতে মঙ্গলবার থেকে ইরানে পাঁচদিনের শোক পালন শুরু হয়েছে। ইরানের পাশাপাশি ইরাক ও পাকিস্তানেও জাতীয় শোক পালিত হয়েছে। খবর আলজাজিরা, এএফপি ও পার্স টুডে অনলাইনের।
ইব্রাহিম রাইসিসহ দেশটির অন্যান্য নেতার মৃত্যুতে অবশেষে সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিও মিলার বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে।
এরপর সমবেদনা প্রকাশ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। জোটের মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসিসহ অন্যদের মৃত্যুতে ন্যাটো জোট সমবেদনা জানাচ্ছে। এর পরই খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক শোকবার্তায় গভীর সমবেদনা জানান। ৬৩ বছর বয়সী রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে ভাবতেন অনেকে।
২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যেই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নিয়োগ দেওয়া হয়েছে। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মোখবারের নাম অনুমোদন করেন খামেনি। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
১৯৬০ সালে মাশাদে জন্মগ্রহণ করেন রাইসি। সেখানে তিনি আস্তান-ই কুদস-ই রাজাভি নামে একটি প্রভাবশালী দাতব্য সংস্থা পরিচালনা করতেন। মাশাদে অষ্টম শিয়া ইমাম রেজার মাজার রয়েছে এবং রাইসির দাতব্য সংস্থা থেকে ওই মাজারের কার্যক্রম পরিচালনা করা হয়।
রবিবারের কপ্টার দুর্ঘটনার কারণ অনুন্ধানে কমিটি গঠন করেছে ইরান। সরকারের এক সিনিয়র নেতার বরাতে আলজাজিরা জানায়, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাতÑ তা তদন্ত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কপ্টারটি কয়েক দশক আগের। তারপরও এটি কেন ব্যবহার করা হলো, তাই নিয়ে প্রশ্ন উঠেছে।
আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টিও রয়েছে। অনেক ইরানি আবার খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন। দেশটির জনগণ এই দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কি না-তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিক প্রতিবেদনে দুর্যোগপূর্ণ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুর্ঘটনার কথা জানা গেছে।
প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। রাইসিকে বেল-২১২ মডেলের হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। ১৯৭৯ সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সে হিসাবে উড়োযানটি অন্তত ৪৫ বছরের পুরনো।
দুর্ঘটনার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারকাজ চালাতেও বেগ পেতে হয়। তুরস্কের পাঠানো একটি ড্রোনে স্থান শনাক্তের পর সোমবার দিনভর উদ্ধার কার্যক্রম চলে। ইরানের রেড ক্রিসেন্ট রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে। তারপর অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
জীবিত রাইসির চেয়ে মৃত রাইসি অনেক বেশি ভয়ংকর- হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুর পর উপলব্ধি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কি না, সেই আশঙ্কাও করেছিলেন অনেকে। প্রকাশ না করলেও রবিবার উদ্বেগের মধ্যে কাটান মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল, তখন ‘আপডেটের’ অপেক্ষায় ছিলেন তারা।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে। মঙ্গলবার পলিটিকোর এক খবরে বলা হয়, ১২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা প্রথমে হতাশ ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, এ ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কি না, তা জানার জন্য মুখিয়ে ছিলেন তারা। প্রাথমিক ধারণা অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করতে পারে ইরান।
একজন কর্মকর্তা এমনো আশঙ্কা প্রকাশ করেন, কিছু সময় এমন মনে হয়েছিল- এ ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে। যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল, সোমবার তার একটা নমুনা পাওয়া যায়। এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, কপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান। কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র।
রাইসির মৃত্যুর জন্য দায়ী আমেরিকার নিষেধাজ্ঞা- রাশিয়া ॥ রাইসির মৃত্যুর জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে দায়ী করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমেরিকানরা এটি অস্বীকার করে। কিন্তু সত্য হলো, যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, তারা খুচরা যন্ত্রাংশ পায় না।
এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও ল্যাভরভের সুরে কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, এই ট্র্যাজেডির পেছনে অন্যতম অপরাধী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তাদের নিষেধাজ্ঞার কারণে ইরান প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারেনি। ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন এসব অপরাধের তালিকার রেকর্ড রাখা হবে।