এমপি আনারের মৃত্যুতে স্বজনদের আহাজারি
ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার অভিজাত এলাকা নিউটাউন থেকে।
আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভারতীয় গণমাধ্যমেও তার মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে।
এদিকে এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদে সংসদ সদস্যের এলাকায় চলছে শোকের মাতম। ঝিনাইদহ-৪ আসন থেকে বারবার নির্বাচিত এই সংসদ সদস্যের বাসভবনে সারেজমিনে গিয়ে দেখা গেছে, স্বজনরা মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙ্গে পড়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, আনোয়ারুল আজিম বেশ জনপ্রিয় জননেতা ছিলেন। একারণে বারবার এলাকার জনগন তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এছাড়াও তিনি নিজস্ব এলাকায় কোন ধরণের প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশতেন বলে জানা গেছে।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজীম আনার।
মো. আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনও তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনও গ্রামে পৌঁছে যেতেন।